Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

অ্যাডিলেডে অ্যাসিড টেস্টের মুখে রোহিত-বিরাট, সিরিজে সমতা ফেরানোর লড়াই ভারতের

পারথে প্রত্যাবর্তন মোটেই সুখের হয়নি রোহিত শর্মা ও বিরাট কোহলির। অস্ট্রেলিয়ার কাছে অসহায় আত্মসমর্পন করেছে টিম ইন্ডিয়া।

অ্যাডিলেডে অ্যাসিড টেস্টের মুখে রোহিত-বিরাট, সিরিজে সমতা ফেরানোর লড়াই ভারতের
  • ২৩ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

অ্যাডিলেড: পারথে প্রত্যাবর্তন মোটেই সুখের হয়নি রোহিত শর্মা ও বিরাট কোহলির। অস্ট্রেলিয়ার কাছে অসহায় আত্মসমর্পন করেছে টিম ইন্ডিয়া। এই আবহে বৃহস্পতিবার অ্যাডিলেড ওভালে শুভমান গিল ব্রিগেডের অ্যাসিড টেস্ট। তিন ম্যাচের সিরিজে সমতা ফেরাতে মরিয়া ভারত। পাশাপাশি, রোহিত-বিরাটের সামনে লড়াইটা নিজেদের প্রমাণ করার তাগিদ। ফের ব্যর্থতা মানেই তাঁদের কেরিয়ার ঘিরে কালো মেঘের ঘনঘটা।

Advertisement

এমনিতেই বুধবার ভারতের ঐচ্ছিক অনুশীলনে নির্বাচকমণ্ডলীর প্রধান অজিত আগরকরের উপস্থিতি ঘিরে মাথাচাড়া দিয়েছে ওপেনিং স্লট নিয়ে জল্পনা। জানা যায়, কোচ গৌতম গম্ভীরের সঙ্গে লম্বা সময় কথা বলেন তিনি। তারপরই যশস্বী জয়সওয়ালকে ডাকেন কোচ। অন্যদিকে, রোহিত তখন অনুশীলন শেষ করে ফোনে কারও সঙ্গে কথা বলতে বলতে টিমবাসের দিকে যাচ্ছিলেন। সেই সময় নাকি রোহিতের শরীরী ভাষায় হতাশার ছবি ফুটে উঠছিল। একেবারেই মনমরা দেখাচ্ছিল তাঁকে। আর তাতেই নতুন মাত্রা পায় চর্চা। রোহিত কি আভাস পেয়েছেন বৃহস্পতিবারের ম্যাচে বাদ পড়ার ব্যাপারে? ঘটনা হল, অনুশীলনে বাকিদের চেয়ে অন্তত ৪৫ মিনিট আগে এসেছিলেন হিটম্যান। কোচ গম্ভীরের কড়া নজরদারিতে দীর্ঘসময় ব্যাট করেন তিনি। প্রথমে যে নেটে রোহিত ব্যাট করেন, তা স্যাঁতসেঁতে ছিল। চোট লাগার আশঙ্কায় কোচ পরের নেটে চলে আসতে বলেন প্রাক্তন অধিনায়ককে। এরপরও হিটম্যানকে নিয়ে গুজব ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।
বিরাট আবার এদিন অনুশীলনেই আসেননি। মঙ্গলবার দীর্ঘসময় নেটে ব্যাট করেছিলেন তিনি। অফস্টাম্পের বাইরে অনিশ্চয়তার সরণিতে ফের তাঁর জন্য ফাঁদ পাতা হবে। তা এড়িয়ে বড় রান করাই ভিকে’র চ্যালেঞ্জ। ঐচ্ছিক অনুশীলনে গরহাজির ছিলেন অধিনায়ক শুভমনও। তবে নেটে নজর কাড়েন প্রসিদ্ধ কৃষ্ণা ও কুলদীপ যাদব। চায়নাম্যান স্পিনারকে খেলানো নিয়েও জল্পনা জোরদার। রবিচন্দ্রন অশ্বিন সহ অনেকেই তাঁকে খেলানোর পক্ষে জোরাল সওয়াল করেছেন। তবুও বিশেষজ্ঞ মহলের ধারণা, ভারতের প্রথম এগারোয় পরিবর্তনের সম্ভাবনা কম। হর্ষিত রানা এবং ওয়াশিংটন সুন্দরকে বসানো হবে বলে মনে হয় না। ফলে প্রসিদ্ধ ও কুলদীপকে সম্ভবত ডাগ আউটেই থাকতে হবে। আসলে আট নম্বর পর্যন্ত ব্যাটিং গভীরতা চাইছেন গম্ভীর। কুলদীপকে খেলালে যা সম্ভব নয়। এদিকে, বুধবার রাতের দিকে  অ্যাডিলেডের এক রেস্তোরাঁয় দিওয়ালি পার্টিতে অংশ নিলেন রোহিত-বিরাটরা।
 খেলা শুরু সকাল ৯টায়।
সম্প্রচার স্টার স্পোর্টস চ্যানেলে।

Advertisement
সম্পর্কিত সংবাদ