Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

রোহিত-সূর্যর ঝোড়ো ব্যাটিং, চেন্নাইকে সহজেই হারাল মুম্বই

আইপিএলের ‘এল ক্লাসিকো’ হেলায় জিতল মুম্বই ইন্ডিয়ান্স। রবিবার ওয়াংখেড়েতে চেন্নাই সুপার কিংসকে ২৬ বল বাকি থাকতে ৯ উইকেটে হারাল হার্দিক পান্ডিয়ার দল

রোহিত-সূর্যর ঝোড়ো ব্যাটিং, চেন্নাইকে সহজেই হারাল মুম্বই
  • ২১ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: আইপিএলের ‘এল ক্লাসিকো’ হেলায় জিতল মুম্বই ইন্ডিয়ান্স। রবিবার ওয়াংখেড়েতে চেন্নাই সুপার কিংসকে ২৬ বল বাকি থাকতে ৯ উইকেটে হারাল হার্দিক পান্ডিয়ার দল। আরব সাগরের পাড়ে টস হেরে ব্যাট করতে নেমে চেন্নাই পাঁচ উইকেট হারিয়ে তুলেছিল ১৭৬। জবাবে ১৫.৪ ওভারে মাত্র এক উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছয় মুম্বই (১৭৭-১)। রায়ান রিকলটনের (২৪) আউটের পর ঝড় তোলেন ‘ইমপ্যাক্ট সাব’ রোহিত শর্মা (৪৫ বলে অপরাজিত ৭৬) ও সূর্যকুমার যাদব (৩০ বলে অপরাজিত ৬৮)। 

Advertisement

এদিনের ইনিংস হয়ে উঠল রোহিতের ফর্মে ফেরার ঘোষণা। রান না আসায় তাঁকে নিয়ে চর্চা ক্রমশ বাড়ছিল। কিন্তু এদিন হিটম্যানকে ছন্দেই দেখাল। তাঁর ইনিংসে রয়েছে ৬টি ছক্কা ও ৪টি বাউন্ডারি। সূর্য তুলনায় আরও আক্রমণাত্মক ছিলেন। স্কাই মারেন ৫টি ছক্কা ও ৬টি বাউন্ডারি। দু’জনে অবিচ্ছিন্ন দ্বিতীয় উইকেটে ৫৪ বলে যোগ করেন ১১৪ রান। এই জয়ের সুবাদে মুম্বই আট ম্যাচে ৮ পয়েন্টে উঠে এল ষষ্ঠ স্থানে। অন্যদিকে, মহেন্দ্র সিং ধোনির দল আট ম্যাচে ৪ পয়েন্টে এখন সবার নীচে।
শনিবার রাজস্থান রয়্যালসের ১৪ বছর বয়সি বৈভব সূর্যবংশী চমকে দিয়েছিল। এদিন নজর কাড়ল ১৭ বছর ২৭৮ দিন বয়সি আয়ূষ মাত্রে। চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএলে কনিষ্ঠতম হিসেবে আত্মপ্রকাশের প্রথম চার বলে তার রান যথাক্রমে ১, ৪, ৬ ও ৬। তিন নম্বরে নেমে ১৫ বলে ৩২ রান করে আয়ূষ। তাতে ছিল চারটি বাউন্ডারি ও দুটো ছক্কা। উল্লেখ্য, মুম্বইয়ের হয়ে ঘরোয়া ক্রিকেটেও টি-২০ খেলেনি সে। এটাই কুড়ি ওভারের ফরম্যাটে আয়ূষের অভিষেক। 
চেন্নাইকে লড়াকু স্কোরে পৌঁছে দেওয়ার নেপথ্যে অবশ্য রবীন্দ্র জাদেজা ও শিবম দুবে। শুরুটা ভালো হয়নি সিএসকে’র। প্রথম বাউন্ডারি আসে ১৮তম বলে। ৬৩ রানের মধ্যে আয়ূষ ছাড়াও দুই ওপেনার শাইক রশিদ (১৯) ও রাচীন রবীন্দ্রকে (৫) হারায় চেন্নাই। চতুর্থ উইকেটে জাদেজা ও শিবম ৫০ বলে যোগ করেন ৭৯। একসময় অবশ্য টানা ২৬ বলে কোনও বাউন্ডারির চেষ্টাও করেননি দু’জনে। অবশেষে, ১৪তম ওভারে মুম্বই অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে ছক্কা মারেন শিবম। তারপরই গতি বাড়ে ইনিংসের। ৩২ বলে ৫০ করেন শিবম। তিনি মারেন চারটি ছক্কা ও জু’টি বাউন্ডারি। ৩৫ বলে ৫৩ রানে অপরাজিত থাকেন জাদেজা। তাঁর ইনিংসে ছিল চারটি বাউন্ডারি ও দুটো ছক্কা। সিএসকে ক্যাপ্টেন ধোনি করেন মাত্র ৪। মুম্বইয়ের সফলতম বোলার যশপ্রীত বুমরাহ (২-২৫)। 

Advertisement
সম্পর্কিত সংবাদ