Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

শোলার ভেলায় চেপে মাঝনদী থেকে দেহ উদ্ধার! প্রশাসনের চোখে ‘হিরো’ রোহিত, পুরস্কৃত করা হবে স্বাধীনতা দিবসে

শোলার ভেলায় চেপে মাঝনদী থেকে দেহ উদ্ধার। কিশোরের সাহসিকতায় মুগ্ধ জলপাইগুড়ি জেলা প্রশাসন।

শোলার ভেলায় চেপে মাঝনদী থেকে দেহ উদ্ধার! প্রশাসনের চোখে ‘হিরো’ রোহিত, পুরস্কৃত করা হবে স্বাধীনতা দিবসে
  • ১৩ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: শোলার ভেলায় চেপে মাঝনদী থেকে দেহ উদ্ধার। কিশোরের সাহসিকতায় মুগ্ধ জলপাইগুড়ি জেলা প্রশাসন। জলপাইগুড়ির খড়িয়া পঞ্চায়েতের সারদাপল্লির বাসিন্দা রোহিত সরকার নামে ওই কিশোরকে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে সংবর্ধিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রশাসনের তরফে।

Advertisement

মঙ্গলবার জলপাইগুড়ি সদরের মহকুমা শাসক তমোজিৎ চক্রবর্তী বলেন, ১৪ বছরের এক কিশোর শোলার ভেলায় চেপে মাঝনদী থেকে দেহ উদ্ধারে সাহায্য করেছে বলে জানতে পেরেছি। ওই কিশোরের সাহসিকতাকে আমরা কুর্নিশ জানাই। আগামী দিনে তার পাশে আমরা থাকব। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে তাকে সংবর্ধিত করার কথাও ভাবা হচ্ছে। তবে এভাবে ঝুঁকি না নিয়ে প্রয়োজনে সিভিল ডিফেন্সকে ডাকার জন্য আবেদন থাকবে আমাদের। এখন বর্ষায় নদীতে অনেক জল। ফলে শিশু-কিশোররা যাতে নদীতে না নামে, সেটা দেখতে বলব অভিভাবকদের।
খড়িয়া পঞ্চায়েতের উপপ্রধান মনোজ ঘোষ বলেন, রোহিতের সাহসিকতার জন্য আমরা পঞ্চায়েতের পক্ষ থেকে তাকে তো সংবর্ধিত করব। সদরের বিডিও’র সঙ্গেও কথা হয়েছে। রোহিতদের এলাকায় যখন আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি অনুষ্ঠিত হবে, সেসময় এলাকার সবার সামনে তাকে ব্লক প্রশাসনের তরফে সংবর্ধিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার দুপুরে করলা নদীতে একটি দেহ ভাসতে দেখতে পেয়ে এলাকার বাসিন্দারা পঞ্চায়েত ও পুলিসকে খবর দেন। পঞ্চায়েতের উপপ্রধান ও কোতোয়ালি থানার পুলিস ঘটনাস্থলে পৌঁছলেও নৌকার অভাবে মাঝনদীতে ভাসতে থাকা দেহ উদ্ধারে সমস্যা দেখা দেয়। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও নৌকা না মেলায় শোলার ভেলা নিয়ে নদীতে ঝাঁপ দেয় নবম শ্রেণির ছাত্র রোহিত। পুলিসের সঙ্গে আসা একজনকে সঙ্গে নিয়ে নিজেই ভেলা চালিয়ে সে পৌঁছে যায় মাঝনদীতে। তারপর মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে পাড়ে।

Advertisement
সম্পর্কিত সংবাদ