রাঁচি: গত অক্টোবরে সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ একদিনের ম্যাচে অপরাজিত শতরান করে মাঠ ছেড়েছিলেন রোহিত শর্মা। রবিবার রাঁচিতে ঠিক যেন সেখান থেকেই শুরু করলেন হিটম্যান। ৫১ বলে ৫৭ করে দলের বড় রানের ভিত মজবুত করে দেন তিনি। সৌজন্যে ৫টি চার ও ৩টি ছক্কা। সেই সঙ্গে এক উজ্জ্বল রেকর্ডও গড়ে ফেলেন ৩৮ বছরের মুম্বইকর। এই মুহূর্তে ওয়ান ডে ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কার মালিক তিনি। ২৭৭ ম্যাচে ৩৫২টি ওভার বাউন্ডারি মেরে হিটম্যান পিছনে ফেলে দিলেন শাহিদ আফ্রিদিকে। ৩৯৮ ম্যাচে প্রাক্তন পাক তারকার ছক্কার সংখ্যা ৩৫১। এই রেকর্ডে তৃতীয় স্থানে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল। ৩০১ ম্যাচে ইউনিভার্সাল বস মেরেছেন ৩৩১টি ছক্কা।
ওয়ান ডে ক্রিকেটে এদিন ৬০তম অর্ধশতরানও করে ফেললেন রোহিত। পাশাপাশি সব ফরম্যাট মিলিয়ে রোহিত-বিরাট জুটি খেলে ফেললেন ৩৯২টি ম্যাচ, যা ভারতীয় ক্রিকেটে রেকর্ড। এর আগে নজিরটি ছিল শচীন তেন্ডুলকর ও রাহুল দ্রাবিড়ের দখলে। ১৯৯৬ সাল থেকে ২০১২ সালের মধ্যে সব ধরনের ক্রিকেটে এই জুটি খেলেছিল ৩৯১টি ম্যাচ। আবার ওয়ান ডে ক্রিকেটে ‘রো-কো’ জুটির এটি ২০তম শতরানের পার্টনারশিপ। এদিক থেকেও শ্রীলঙ্কার কুমার সঙ্গাকারা ও তিলকরত্নে দিলশানের সঙ্গে যৌথভাবে দ্বিতীয়স্থানে রোহিত-বিরাট। এই তালিকায় অবশ্য শীর্ষে রয়েছে শচীন- সৌরভের পার্টনারশিপ। ভারতের দুই প্রাক্তন ওপেনার ২৬ বার ১০০ রানের পার্টশিপ গড়েছেন। রোহিত এদিন ঝোড়ো ব্যাটিংয়ে মোক্ষম জবাব দিয়েছেন সমালোচকদের।