Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

কর্ণাটকের হস্টেলে রড নিয়ে তাণ্ডব, মৃত এক স্কুল পড়ুয়া

রাতে খাওয়াদাওয়ার পর হস্টেলে নিশ্চিন্তে ঘুমাচ্ছিল পড়ুয়ারা। আচমকা তাদের উপর রড নিয়ে হামলা চালাল এক সহপাঠী। রডের আঘাতে এক পড়ুয়ার মৃত্যু হয়েছে।

কর্ণাটকের হস্টেলে রড নিয়ে তাণ্ডব, মৃত এক স্কুল পড়ুয়া
  • ৯ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বেঙ্গালুরু: রাতে খাওয়াদাওয়ার পর হস্টেলে নিশ্চিন্তে ঘুমাচ্ছিল পড়ুয়ারা। আচমকা তাদের উপর রড নিয়ে হামলা চালাল এক সহপাঠী। রডের আঘাতে এক পড়ুয়ার মৃত্যু হয়েছে। আহত আরও সাতজন। তাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। হস্টেলের ওয়ার্ডেন ও এক গাড়ি চালকের উপরেও চড়াও হয় নবম শ্রেণির ওই পড়ুয়া। শনিবার রাতের এই ঘটনাটি কর্ণাটকের বেলারি শহরের। প্রাথমিক তদন্তে অনুমান, রাতে খাওয়ার পর বিবাদের জেরেই এই হামলা। মৃত পড়ুয়ার বাবার অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করেছে পুলিশ। অভিযুক্তের খোঁজে জারি রয়েছে তল্লাশি। বেলারি রেঞ্জের আইজিপি পি এস হর্ষ বলেন, ‘ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ করেছেন ফরেনসিক দলের সদস্যরা। অভিযুক্ত নাবালক। তাই সংবেদনশীলতার সঙ্গে ঘটনার তদন্ত করা হবে।’ মৃত পড়ুয়া অন্ধ্রপ্রদেশের বিজয়নগরের বাসিন্দা। ওই নাবালকের বাবা লক্ষ্মীকান্তের অভিযোগ, ইচ্ছাকৃতভাবে তাঁর ছেলেকে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। ঘটনায় নিরাপত্তা ব্যবস্থায় গাফিলতির অভিযোগ তুলেছেন নাবালকের পরিবার। তাঁদের দাবি, মাদকাসক্ত হয়ে ওই কাজ করেছে অভিযুক্ত। লক্ষ্মীকান্ত বলেন, ‘হস্টেলে চত্বরে ভিতরে কীভাবে একজন নাবালক এমন নৃশংস হামলা চালায়?’ স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, ছুরি নয়, রড নিয়েই হামলা চালিয়েছিল নবম শ্রেণির ওই পড়ুয়া।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ