Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

শহরে রবসন, আজ নামবেন প্র্যাকটিসে

শহরে রবসন, আজ নামবেন প্র্যাকটিসে
  • ২ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রতীক্ষার অবসান। সোমবার সকালে কলকাতায় পা রাখলেন মোহন বাগানের ষষ্ঠ বিদেশি রবসন রবিনহো। তবে এদিন সবুজ-মেরুনের অনুশীলন ছুটি থাকায় মাঠে যাওয়ার সুযোগ পাননি তিনি। মঙ্গলবার  দলের সঙ্গে এসিএল টু-এর প্রস্তুতি শুরু করবেন ব্রাজিলিয়ান মিডিও। রবসন যোগ দেওয়ায় হোসে মোলিনার দলের আক্রমণ ভাগ আরও শক্তিশালী হল।

Advertisement

বাংলাদেশের দল বসুন্ধরা কিংসের হয়ে গত তিন মরশুম সাফল্যের সঙ্গে খেলেছেন রবসন। দুই উইংয়ের পাশাপাশি প্লে-মেকারের ভূমিকায়ও খেলতে দক্ষ তিনি। গত মরশুম শেষ হওয়ার আগেই ব্রাজিলিয়ান ফুটবলারটির সঙ্গে প্রাথমিক চুক্তি সেরে রেখেছিল মোহন বাগান ম্যানেজমেন্ট। তবে আইএসএলের ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা তৈরি হওয়ায় তাঁকে নিয়ে ধীরে চলো নীতি নেয় থিঙ্কট্যাঙ্ক। কিন্তু ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে ইস্ট বেঙ্গলের কাছে হারের পর দলের মাঝমাঠ নিয়ে ওঠে প্রশ্ন। ইতিমধ্যে আইএসএল নিয়েও জট ক্রমশ কাটছে। তাই আর দেরি না করে রবসনের সঙ্গে চূড়ান্ত চুক্তি সেরে ফেলে বাগান ম্যানেজমেন্ট।
এদিকে, এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-এর প্রস্তুতিতে খামতি রাখছেন না লিস্টনরা। ডুরান্ড কাপে বোঝা গিয়েছিল দলের ফিটনেসের ঘাটতি। বিশেষ করে দুই বিদেশি জেমি ম্যাকলারেন ও দিমিত্রি পেত্রাতোসের অবস্থা ছিল বেশ শোচনীয়। তাই টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার পরদিনই কোচ মোলিনা শুরু করে দিয়েছেন কড়া অনুশীলন। রোজ প্রায় দু’ঘণ্টার অনুশীলনে কামিংস, টম আলড্রেডদের রীতিমতো কালঘাম ছোটাচ্ছেন তিনি।

Advertisement
সম্পর্কিত সংবাদ