নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন উৎসবে উধাও হতে চলেছে চিরাচরিত গাউন বা রোব। তার বিনিময়ে ফিরতে পারে পাজামা বা ধুতি পাঞ্জাবি এবং শাড়ির মতো ভারতীয় পোশাক। সঙ্গে থাকবে উত্তরীয়। নেপথ্যে ইউজিসির গাইডলাইন এবং তার জেরে রাজ্য সরকারের দেওয়া সুস্পষ্ট নির্দেশিকা। তাতে বলা হয়েছে, ভারতীয় সংস্কৃতি এবং জলবায়ুর সঙ্গে সাযুজ্য রেখে হাতে বোনা পোশাক পরাই বাঞ্ছনীয়। সেক্ষেত্রে কলকাতা বিশ্ববিদ্যালয়ের শতাব্দী প্রাচীন গাউন বা রোব বাদ পড়তে পারে। এ বিষয়ে সিন্ডিকেটে আলোচনা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের কর্তারা।
ব্রিটিশ আমলে স্থাপিত রাজ্যের প্রাচীন বিশ্ববিদ্যালয়গুলিতে সমাবর্তনে রোব বা গাউন পরার প্রথা সেসময় থেকেই চালু ছিল। কলকাতার মতো ভারতের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়েও এই প্রথা ছিল স্বাভাবিক নিয়মেই। পাশ্চাত্য শিক্ষার বিশ্ববিদ্যালয়ে এই পোশাকবিধি কখনো বেমানান মনেও হয়নি। তবে, ধীরে ধীরে এটিকে ঔপনিবেশিকতার চিহ্ন বলে এ ধরনের পোশাকের বিরুদ্ধে মতবাদ সংগঠিত হচ্ছে শাসক ও শাসকপন্থী শিক্ষাবিদদের একাংশে। ইউজিসির প্রস্তাব মেনে উচ্চশিক্ষা দপ্তরের তরফে উপাচার্যদের চিঠি দিয়ে ‘ভারতীয়’ পোশাকে ফেরার অনুরোধ করা হয়েছে।
ন্যাশনাল কাউন্সিল ফর এডুকেশন এবং বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট থেকে পুরোদস্তুর বিশ্ববিদ্যালয়ে ১৯৫৫ সালে উন্নীত হয় যাদবপুর। তাই সেখানে একেবারে পাশ্চাত্যের মতো কালো বা নীল রোব ছিল না। বরং ভারতীয় সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে গেরুয়া বা বাসন্তী হলুদ রঙের রোবই চালু রয়েছে বরাবর। তবে, সেটিও ইউজিসির গাইডলাইনের সঙ্গে পুরোপুরি যাচ্ছে না। তাই সেখানেও তা পরিবর্তন করতে হবে কি না, সেটা সময়ই বলবে। অন্যদিকে, তুলনায় আরও কিছু পরের বিশ্ববিদ্যালয়গুলি যেমন বর্ধমান, কল্যাণী, উত্তরবঙ্গ প্রভৃতি অবশ্য ইতিমধ্যেই রোব বা গাউনের সংস্কৃতি পরিবর্তনের পথে বা করে ফেলেছে। যদিও, প্রাচীন বিশ্ববিদ্যালয়গুলির প্রথায় এ ধরনের নির্দেশ চাপিয়ে দেওয়ার বিরুদ্ধ মতও তীব্র। অনেকেই বলছেন, আধুনিক বিশ্ববিদ্যালগুলিতে পাশ্চাত্য শিক্ষাই দেওয়া হয়। তাই পাশ্চাত্য রীতিকে অচ্ছুত করা যায় না। তাছাড়া এ ধরনের সেরিমনিয়াল গাউন বা রোব যেকোনো পোশাকের উপরেই পরা যায়। নির্দিষ্ট পোশাক হলে তা মাপমতো বানিয়ে পরার বাধ্যবাধকতা থাকে।



