নিজস্ব প্রতিনিধি, বরানগর: খাবার ডেলিভারি বয়ের ছদ্মবেশে দমদমের স্বর্ণ ব্যবসায়ীর ফ্ল্যাটে ডাকাতির ঘটনায় অভিযুক্তরা নিমতায় লোটো মেশিন চালাত। বুধবার এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করে পুলিশ এই তথ্য পেয়েছে। ধৃতের নাম মিঠুন রায়। তার বাড়ি নিমতার গোলবাগান এলাকায়। বৃহস্পতিবার তাকে বারাকপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক সাত দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছেন। তদন্তকারীরা জানিয়েছেন, বাকি দুই দষ্কৃতীর বাড়িও নিমতা। তাদের খোঁজে তল্লাশি চলছে। প্রসঙ্গত, নিমতা এলাকার স্বর্ণ ব্যবসায়ী অমিতাভ দাস। তাঁর বাড়ি দমদমের দুর্গানগর স্টেশন রোডের আবাসনে। বুধবার দুপুরে অমিতাভবাবু সপরিবারে বাড়িতে ছিলেন। সাড়ে তিনটে নাগাদ খাবার ডেলিভারি বয়ের ছদ্মবেশে তিন দুষ্কৃতী মাথায় হেলমেট পরে তাঁদের ফ্ল্যাটে আসে। পরিচারিকা দরজা খুলতেই বন্দুক ও চপার উঁচিয়ে সকলকে বেঁধে ফেলে। এরপর নগদ দেড় লক্ষ টাকা ও সোনার গয়না নিয়ে চম্পট দেয়। তবে স্বর্ণ ব্যবসায়ীর পরিবারের সক্রিয়তায় লিফটে ফেলে যাওয়া ব্যাগ নিতে এসে এক দুষ্কৃতী ধরা পড়ে। পুলিশ তদন্তে নেমে জানতে পারে, এই তিন দুষ্কৃতী নিমতায় লোটোর মেশিন চালাত। পালাবদলের জমানায় তাদের ওই কারবার এখন বন্ধ হয়ে গিয়েছে। তাই, ডাকাতির সহজ রাস্তা তারা বেছেছিল। বাড়িতে ঢোকার সহজ রাস্তা হিসাবে তারা নামী খাবার ডেলিভারি সংস্থার পোশাক ও ব্যাগ জোগাড় করেছিল। পরিকল্পনা মতো সমস্ত কিছু এগলেও তাড়াহুড়োয় একটি খাবারের ব্যাগ ভুল করে লিফটে ফেলে চলে গিয়েছিল। সেই ব্যাগ নিতে এসেই মিঠুন রায় ধরা পড়ে। সূত্রের খবর, পুলিশ ওই ব্যাগ থেকে ৭০ হাজার টাকা, দু’টি সোনা বাঁধানো পলা উদ্ধার করেছে।



