সংবাদদাতা, তেহট্ট : নিকাশি নালা নেই। ফলে বৃষ্টির জল রাস্তায় জমে থাকে। সেই জল ঠেলেই যাতায়াত করতে হচ্ছে বাসিন্দাদের। অথচ হেলদোল নেই পঞ্চায়েতের। তেহট্ট -১ ব্লকের বেতাই-২ গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ জিতপুর নোনাবাজার এলাকার ঘটনা। স্থানীয়দের অভিযোগ, এই সমস্যা দীর্ঘদিনের। প্রতি বছর একটু বেশি বৃষ্টি হলেই এলাকার রাস্তা জলে ভাসে। পঞ্চায়েত যদি আগে থেকে একটু উদ্যোগ নিত তাহলে এই সমস্যা হতো না।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেতাই-২ পঞ্চায়েতের দক্ষিণ জিতপুরে তিনটে পাড়া আছে। সেসব পাড়ার প্রায় হাজার দুয়েক বাসিন্দা নোনা বাজারের এই রাস্তা দিয়েই যাতায়াত করেন। তাঁদের নিত্য প্রয়োজনে বেতাই বাজার বা তেহট্টে যেতে হয়। রাস্তায় জমে থাকা জল ঠেলেই যাতায়াত করেন তাঁরা। বারবার এই ব্যাপারে বলা হলেও আজ পর্যন্ত কোনও ব্যবস্থা নেয়নি বিজেপি পরিচালিত এই গ্রাম পঞ্চায়েত। এমনই অভিযোগ বাসিন্দাদের।
এলাকার বাসিন্দা তথা তৃণমূল যুব কংগ্রেসের তেহট্ট-১ ব্লক সভাপতি মলয় বিশ্বাস বলেন, আমাদের এই জমা জলের উপর দিয়েই যেতে হচ্ছে। প্রধানকে বলা হলেও তিনি এসে দেখার সময় পাননি। জমা জলে বাড়ছে মশার উৎপাত। যে কোনও সময় বাসিন্দাদের মশাবাহিত রোগ হতে পারে। জল নিকাশির কোনও ব্যবস্থা পঞ্চায়েত করতে পারেনি। অথচ নিকাশির জন্য সরকার অনেক টাকা দেয়। সেই টাকা দিয়েই এই জল যন্ত্রণার সমাধান করতে পারে পঞ্চায়েত।
বিজেপি পরিচালিত বেতাই -২ গ্রাম পঞ্চায়েতের প্রধান বিকি বিশ্বাস বলেন, আশপাশের যে সব গর্ত ছিল তা মাটি ফেলে ভরাট করা হয়েছে। সেই কারণে রাস্তায় জল জমে থাকছে। খুব তাড়াতাড়ি ওই এলাকায় নিকাশি নালার ব্যবস্থা করব। -নিজস্ব চিত্র