সংবাদদাতা, বোলপুর: মুখ্যমন্ত্রী যে তিনদিন বীরভূমে ছিলেন, রাস্তার আয়ু ছিল সেই তিনদিনই। তারপর একদিনের বৃষ্টিতেই তার হাড়পাঁজরা বেরিয়ে পড়ল। এখন লজ্জায় মুখ ঢাকার অবস্থা পূর্তদপ্তরের। বোলপুরের অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা শান্তিনিকেতন রোড দীর্ঘদিনই বেহাল হয়েছিল। ২৭ জুলাই রাজ্যের মুখ্যমন্ত্রীর সফর ঘোষণা হতেই ঘটা করে সেই রাস্তার মেরামতি বা বলা ভালো তাপ্পি দেওয়া শুরু করেছিল পূর্ত ও সড়ক দপ্তর। দিনরাত এক করে কাজ করে রাস্তাটি চলনসই করা হয়েছিল। কিন্তু মুখ্যমন্ত্রী ফিরে যেতেই একদিনের বৃষ্টিতেই রাস্তার আসল চেহারা বেরিয়ে পড়ল। ফের বৃষ্টির জমা জলে রাস্তা বেহাল। স্থানীয় বাসিন্দাদের ভোগান্তি অব্যাহত। সামনের রবিবার, ৩ আগস্ট থেকে ওয়ার্ল্ড লিভিং হেরিটেজ খ্যাত শান্তিনিকেতনের ক্যাম্পাসে হেরিটেজ ওয়াক শুরু করতে চলেছে বিশ্বভারতী। তা দেখতে পর্যটকরা যে ভিড় জমাবেন, তা বলাই বাহুল্য। কিন্তু এই রাস্তার জন্য পর্যটকদের কাছে শান্তিনিকেতনের মুখ পুড়বে বলেই ধারণা এলাকাবাসীর। এখন কবে পাকাপাকি রাস্তার সংস্কার হয় সেদিকেই তাকিয়ে সকলে। পিডব্লুডির বীরভূম ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রাজকুমার বান্ঠিয়া বলেন, বৃষ্টি ও বর্ষার কারণে সংস্কারের কাজ ব্যাহত হচ্ছে। আবহাওয়া ঠিক হলেই পুরোদমে রাস্তার সংস্কার শুরু হবে।



