Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

নারায়ণগড়ে রাস্তা বেহাল, রোগীকে দোলায় চাপিয়ে হাসপাতালে, ভিডিও ঘিরে তোলপাড়

দীর্ঘদিন ধরেই গ্রামের ভেতরের রাস্তা বেহালাই ছিল। টানা বৃষ্টিতে সেই রাস্তার এখন করুণ দশা। খানখন্দে ভর্তি। কাদায় মাখামাখি গোটা রাস্তা। হেঁটে যাওয়াই দায়। গাড়ি ঢোকা দুষ্কর।

নারায়ণগড়ে রাস্তা বেহাল, রোগীকে দোলায় চাপিয়ে হাসপাতালে, ভিডিও ঘিরে তোলপাড়
  • ১০ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বেলদা: দীর্ঘদিন ধরেই গ্রামের ভেতরের রাস্তা বেহালাই ছিল। টানা বৃষ্টিতে সেই রাস্তার এখন করুণ দশা। খানখন্দে ভর্তি। কাদায় মাখামাখি গোটা রাস্তা। হেঁটে যাওয়াই দায়। গাড়ি ঢোকা দুষ্কর। এই পরিস্থিতির মধ্যেই অসুস্থ হয়ে প‌঩ড়েছিলেন গ্রামের এক বৃদ্ধা। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার ছবি উস্কে দিল বিশ বছর আগের অনুন্নয়নের স্মৃতিকে। বাঁশে দড়ি বেঁধে তৈরি করা দোলা। তাতে বৃদ্ধাকে কোনওরকমে ঝুলিয়ে কাঁধে করে বয়ে নিয়ে যাচ্ছেন দুই যুবক। সঙ্গে হাঁটছেন আরও দুই মহিলা। অত্যন্ত ধীর গতি সবার। একটু দ্রুত হাঁটলেই পিছলে যাচ্ছে পা। নারায়ণগড়ের সানদেউলি এলাকায় এমন দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তোলপাড় (ভিডিওর সত্যতা যাচাই করেনি ‘বর্তমান’)। কটাক্ষ করতে ছাড়েনি রাজ্যের বিরোধী দলগুলি থেকে শুরু করে নেটিজেনরা। 

Advertisement

নারায়ণগড় ব্লকের গ্রামরাজ গ্রাম পঞ্চায়েতের সানদেউলি গ্রাম। গ্রামবাসীরা জানান, মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয়ে পড়েন সরস্বতী সামট নামে ওই বৃদ্ধা। ৭০ বছরের বেশি বয়স। তাঁর বাড়ি পর্যন্ত যাওয়ার প্রায় ৭০০ মিটার রাস্তা পুরোপুরি বেহাল। টানা বৃষ্টিতে এখন কর্দমাক্ত। সেই রাস্তায় ছোট গাড়ি, অ্যাম্বুলেন্স কিছুই ঢুকতে পারে না। তাই পরিবারের সদস্যরা দোলায় করে সরস্বতী দেবীকে ঝুলিয়ে নিয়ে গিয়ে অ্যাম্বুলেন্সে তোলেন। আর সেই ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। 
বৃদ্ধার নাতি সঞ্জু সামট বলেন, ‘মঙ্গলবার গভীর রাতে ঠাকুমা অসুস্থ হয়ে পড়েন। রাস্তা এতটাই বেহাল যে, অ্যাম্বুলেন্স ঢুকবে না বলে সাফ জানিয়ে দিয়েছিল। বুধবার সকালে ঠাকুমাকে বাঁশের দোলায় চাপিয়ে গ্রামের এক প্রান্তে নিয়ে গিয়ে অ্যাম্বুলেন্সে তুলি। মেদিনীপুরে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে এসেছি। আমাদের গ্রামে বাড়ি পর্যন্ত যেতে প্রায় ৭০০ মিটার রাস্তা ভীষণ খারাপ। এখন নাগাড়ে বৃষ্টির ফলে গাড়ি চলাচলের অযোগ্য হয়ে গিয়েছে। গ্রামবাসীরা রাস্তা সারাইয়ের বিষয়ে প্রশাসনকে বারবার জানিয়েছে। লাভের লাভ কিছু হয়নি।’ 
গ্রামরাজ গ্রাম পঞ্চায়েতের প্রধান অমরকৃষ্ণ ঘোষ বলেন, ‘গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে ওই রাস্তার বেশ কিছুটা অংশ ঢালাই করে দেওয়া হয়েছে। বাকি রাস্তাটাও ঢালাই হবে। পরিকল্পনায় রয়েছে। খুব শীঘ্রই কাজ শুরু হয়ে যাবে। এখন মোরাম পাওয়া যায় না। তাই রাস্তাটি বর্ষায় তড়িঘড়ি সংস্কার করা যায়নি। পাশাপাশি জল স্বপ্ন প্রকল্পের পাইপ পাততে গিয়ে রাস্তাটি আরও বেশি খারাপ হয়েছে। সেই কারণেই সমস্যা হচ্ছে।’  
তবে, বিষয়টি নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। জেলা বিজেপির সহ-সভাপতি রমাপ্রসাদ গিরি সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওটি শেয়ার করে কটাক্ষ ছুড়ে দিয়েছেন। তিনি বলেন, ‘নিরবচ্ছিন্ন ৩৪ বছরের সিপিএমের শাসন আমরা দেখেছি। এই এলাকার বিধায়ক ১৫ বছর মন্ত্রী ছিলেন। কোনও কাজ করেননি। এখন ১৫ বছর ক্ষমতায় তৃণমূল। দু’টি দল মিলে নারায়ণগড়ের এত উন্নয়ন করেছে যে গাড়ি চলতে পারছে না।  দোলায় করে রোগীকে নিয়ে যেতে হচ্ছে। 
কমেন্টস বক্সে এক নেটিজেন লিখেছেন—‘এটাই তো রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা উন্নয়ন!’

Advertisement
সম্পর্কিত সংবাদ