সংবাদদাতা, তারকেশ্বর: বেপাত্তা ঠিকাদার। হরিপালের পোদ্দার মোড় থেকে তেলিখানা সাড়ে তিন কিলোমিটার রাস্তার অবস্থা বেহাল। সংস্কারের দাবিতে বুধবার হরিপাল বিডিও অফিসে লিখিত আবেদন জমা দিলেন এলাকার সাধারণ মানুষ ও বিজেপি কর্মী সমর্থকদের একাংশ।
সংবাদদাতা, তারকেশ্বর: বেপাত্তা ঠিকাদার। হরিপালের পোদ্দার মোড় থেকে তেলিখানা সাড়ে তিন কিলোমিটার রাস্তার অবস্থা বেহাল। সংস্কারের দাবিতে বুধবার হরিপাল বিডিও অফিসে লিখিত আবেদন জমা দিলেন এলাকার সাধারণ মানুষ ও বিজেপি কর্মী সমর্থকদের একাংশ।
বিধানসভা ভোটের আগে তৎকালীন তৃণমূল কংগ্রেসের বিধায়ক করবী মান্নার উপস্থিতিতে এই রাস্তা তৈরির কাজ শুরু হয়েছিল। কিন্তু ভোটের পর থেকে বেপাত্তা ঠিকাদার। রাস্তার কাজ বন্ধ রয়েছে। সমস্যা সমাধানে লিখিতভাবে গ্রামবাসীরা বিডিও অফিসে জানিয়েছেন, হরিপাল ব্লকের সহদেব অঞ্চলের অন্তর্গত পোদ্দার মোড় থেকে তেলিখানা পর্যন্ত হুগলি জেলা পরিষদের রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কার ও নির্মাণ বন্ধ রয়েছে। নির্বাচনের আগে তৎকালীন বিধায়কের উপস্থিতিতে রাস্তাটির কাজ শুরু হয়। রাস্তার উপর বড়ো পাথর ফেলা শুরু হয়েছিল। নির্বাচনের ফলাফল ঘোষণার পর রাস্তার কাজ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়।
তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে কাজ অসম্পূর্ণ অবস্থায় পড়ে আছে। বর্ষার সময় বৃষ্টির জলে রাস্তায় উপর থাকা বড়ো পাথরগুলি উঠে যাওয়ায় রাস্তাটি বর্তমানে যানবাহন ও সাধারণ মানুষের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ইতিমধ্যে ওই রাস্তায় ছোটো-বড়ো একাধিক দুর্ঘটনা ঘটেছে। বর্তমানে রাস্তাটি গুরুত্বপূর্ণ যোগাযোগের মাধ্যম। একদিকে খাজুরিয়া হয়ে ২৬ নম্বর রাজ্য সড়কের সঙ্গে এবং অপরদিকে সিপাইগাছি হয়ে ২৬ নম্বর রাজ্য সড়কের সঙ্গে এই রাস্তার যোগাযোগ রয়েছে। এছাড়াও প্রতিদিন বহু কলেজ পড়ুয়া, অ্যাম্বুলেন্স ও সাধারণ মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করেন। সামনেই দুর্গাপুজো। তাই দ্রুত রাস্তাটির কাজ শেষ করার আবেদন জানানো হয়। সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। নিজস্ব চিত্র