Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

হাটজনবাজারের রেলগেটের রাস্তা বেহাল, পুজোর আগে সংস্কারের দাবি

সিউড়ির হাটজনবাজার রেল ওভারব্রিজের পাশের রাস্তার অত্যন্ত বেহাল অবস্থা। এক পাশে রাস্তার উপর পিচের আস্তরণ নেই বললেই চলে।

হাটজনবাজারের রেলগেটের রাস্তা বেহাল, পুজোর আগে সংস্কারের দাবি
  • ১৫ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, সিউড়ি: সিউড়ির হাটজনবাজার রেল ওভারব্রিজের পাশের রাস্তার অত্যন্ত বেহাল অবস্থা। এক পাশে রাস্তার উপর পিচের আস্তরণ নেই বললেই চলে। অন্য পাশে রয়েছে বড় বড় গর্ত। পুজোর আগে ওই রাস্তা মেরামতের দাবি তুলছেন এলাকার বাসিন্দারা। কারণ ওই এলাকায় একাধিক বড় পুজো হয়। যা দেখতে প্রচুর মানুষ ভিড় জমান। 

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েক বছর  আগে  ওই এলাকায় রেল ওভারব্রিজের কাজ শুরু হয়। সেকারণে সিউড়ি-বোলপুর  রাস্তায় স্টেশন মোড় থেকে হাটজনবাজার মোড় পর্যন্ত  রাস্তায় খননকাজ করে ঠিকাদার সংস্থা। যার ফলে দীর্ঘদিন ধরে ওই  রাস্তার অবস্থা অত্যন্ত  বেহাল  হয়ে যায়। এলাকাবাসীর দাবি,  রাস্তার উপর বড় বড় গর্ত তৈরি হয়েছে। বৃষ্টিতে সেই গর্তে জল জমে ভয়ঙ্কর অবস্থা তৈরি হচ্ছে। এছাড়া রাস্তা শুকনো থাকলে ধুলো উড়ছে। যার জন্যও ওই রাস্তা দিয়ে যাতায়াত করা মুশকিল। 
এলাকার বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন ধরে ওই রেল ওভারব্রিজের কাজ হচ্ছে। তারজন্য ওই এলাকায় ব্যাপক যানজট হয়। তার উপর রাস্তার অবস্থা বেহাল হওয়ায় সাধারণ মানুষকে সমস্যায় পড়তে হয়। এলাকার বাসিন্দারা জানান, এটিই সিউড়ি-বোলপুর যাওয়ার মূল রাস্তা। অত্যন্ত গুরুত্বপূর্ণ  রাস্তা। প্রতিদিন অসংখ্য ছোট-বড় গাড়ি ও বাস এই  রাস্তা  দিয়ে যাতায়াত করে। এলাকার বাসিন্দাদের দাবি, সামনেই দুর্গাপুজো। ওই এলাকায় তিনটি বড় দুর্গাপুজো  হয়। যা দেখতে প্রচুর মানুষ ভিড় করেন। কিন্তু ওই মণ্ডপ দর্শনের জন্য দর্শনার্থীদের ধুলোময়  রাস্তা  অতিক্রম করে আসতে হবে। ফলে নতুন জামাকাপড় নষ্ট হবে। এছাড়া  রাস্তায় পিচের আস্তরণ না থাকায় বৃষ্টি হলে  রাস্তায় কাদা জমবে। যা দর্শনার্থীদের বিপাকে ফেলবে। তাই  ওই রাস্তা দ্রুত সংস্কারের দাবি তুলেছেন এলাকার বাসিন্দা ও পুজো কমিটির লোকজন। 
পুজো উদ্যোক্তাদের দাবি, পুজোয় মানুষ নতুন জামাকাপড় পরে মণ্ডপে আসবেন। কিন্তু রাস্তার অবস্থা বেহাল হওয়ায় ওই রাস্তা দিয়ে যাতায়াত করা দায়। নতুন জামাকাপড় নষ্ট হয়ে যাবে। এই পরিস্থিতিতে রাস্তা সংস্কারের দাবি তুলেছেন তাঁরা। সিউড়ি শহরের অন্যতম বড় পুজোর তালিকায় রয়েছে হাটজনবাজার মিলনী সঙ্ঘ। ওই পুজো কমিটির সাংস্কৃতিক সম্পাদক পিনাকি মুখোপাধ্যায় বলেন, কবে যে ব্রিজের কাজ শেষ হবে কেউ জানে না। রাস্তার অবস্থা অত্যন্ত বেহাল। বৃষ্টি হলে প্যাচপ্যাচে কাদা হয়। আর না হলে ধুলোয় নাজেহাল হতে হয়। এই পরিস্থিতিতে মানুষের স্বার্থে ওই রাস্তাটি পুজোর আগে সংস্কার হওয়া প্রয়োজন। একই কথা শোনা যায় হাটজনবাজার কলোনির পুজো কমিটির এক উদ্যোক্তার মুখেও। তিনি জানান, দর্শনার্থীদের কথা ভেবে দ্রুত রাস্তা সংস্কারের প্রয়োজন। 
সিউড়ি পুরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় বলেন, ওই ব্রিজের দায়িত্বে থাকা সংস্থার দায়িত্বেই রাস্তাটি রয়েছে। আমরা রাস্তাটি সংস্কার করে দেওয়ার জন্য বলব। এছাড়া হাটজনবাজার বাইপাসের রাস্তার অবস্থাও একটু খারাপ আছে। পুজোর আগে পুরসভার পক্ষ থেকে ওই রাস্তা সংস্কার করা হবে। -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ