Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ঘাটালে রাস্তা সংস্কারের কাজ বন্ধ, শুরুর আশ্বাস পঞ্চায়েত সমিতির

প্রায় সাত মাস আগে দুই জেলার সংযোগকারী বেহাল রাস্তা সংস্কারে হাত দেয় প্রশাসন।

ঘাটালে রাস্তা সংস্কারের কাজ বন্ধ, শুরুর আশ্বাস পঞ্চায়েত সমিতির
  • ২১ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, ঘাটাল: প্রায় সাত মাস আগে দুই জেলার সংযোগকারী বেহাল রাস্তা সংস্কারে হাত দেয় প্রশাসন। কিন্তু এই খবরে খুব বেশিদিন খুশি থাকতে পারেননি পশ্চিম মেদিনীপুর ও হুগলির বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা। কাজ শুরুর কিছু দিন বাদেই কোনও অজ্ঞাত কারণে রাস্তা তৈরির কাজ বন্ধ হয়ে যায়। প্রায় চার মাস কোনও কাজই হয়নি। ফলে অর্ধসমাপ্ত রাস্তার উপর দিয়ে যাতায়াত করতে নাজেহাল হতে হচ্ছে সাধারণ মানুষকে। রাস্তার নির্মাণ যে বন্ধ, তা স্বীকারও করেছেন ঘাটাল পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামলী সর্দার। তিনি বলেন, রাস্তা সংস্কার করতে হলে দু’দিকের কিছু গাছ কাটতে হবে। সেজন্য একটু দেরি হচ্ছে। অন্যদিকে, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বিকাশ করের সংযোজন,  পশ্চিমবঙ্গ গ্রামীণ উন্নয়ন সংস্থা ওই রাস্তাটি প্রায় সাত কোটি টাকা ব্যয় করে মার্চ মাস থেকে সংস্কারে হাত দিয়েছে।  কিন্তু কাঁচামালের সমস্যার কারণে বর্তমানে কাজ স্থগিত রয়েছে। ঘাটাল থেকে ভায়া রামজীবনপুর হয়ে আরামবাগের দূরত্ব প্রায় ৭২ কিলোমিটার।  তুলনায় ঘাটাল ব্লকের ঢলগড়া হয়ে আরামবাগের দূরত্ব অনেক কম। মাত্র ৩৮ কিলোমিটারের। তাই দূরত্ব কম হওয়ায় বাইক, চারচাকা ঢলগড়ার রাস্তা ধরে হুগলির কালীপুরে গিয়ে ওঠে। সেখান থেকে আরামবাগ। কয়েকটি যাত্রীবাহী বাসও ওই রুটে চলাচল করে। ওই  রাস্তা অনেক দিন আগে থেকেই পিচের ছিল। বাম জমানায় ঢলগড়া থেকে বালিডাঙা পর্যন্ত রাস্তাটি প্রথমে পিচ করা হয়েছিল। তারপর থেকেই ওই রাস্তা দিয়ে শর্টকাটে আরামবাগে যাতায়াত শুরু হয়। কিন্তু স্থানীয়দের অভিযোগ, রাস্তাটি নিয়মিত রক্ষণাবেক্ষণ না হওয়ায় বেহাল হয়ে পড়েছে। পাঁচ বছর ধরে রাস্তা সংস্কারের দাবিতে বহুবার অবরোধ, রাস্তা কাটার মতো ঘটনাও ঘটে। শেষমেশ  ২০২১ সালে প্রায় দু’কোটি টাকা দিয়ে সংস্কার হয় রাস্তার। কিন্তু সংস্কারের পর সেটিও বেশিদিন টেকেনি।  গত বছর ২৭ লক্ষ টাকা দিয়ে প্যাচ রিপেয়ারিং হলেও কাজের কাজ হয়নি। ২০২৪ সালের বন্যার পর ওই ছ’কিলোমিটার রাস্তা ফের বেহাল পড়ে। পঞ্চায়েত প্রধান কৌশিক জানা বলেন, অর্ধসমাপ্ত রাস্তার উপরে কোথাও বড়, বড় নুড়ি পড়ে রয়েছে। কোথাও আবার রাস্তাটি খোঁড়াখুঁড়ি রয়েছে। ফলে নিত্যযাত্রীদের সমস্যায় পড়তে হচ্ছে।-নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ