সংবাদদাতা, নবদ্বীপ: নবদ্বীপ ব্লকের মহিশুড়ার উত্তরপাড়ার মূল রাস্তা প্রাথমিক স্কুল পর্যন্ত ৬০ ফুটের। ওই রাস্তার কিছু অংশ ঢালাই হয়েছে। কিন্তু মহিশুড়া উত্তরপাড়া প্রাথমিক স্কুলের গেট পর্যন্ত ২০ ফুট রাস্তার কাজ এখনও বাকি। কাজেই পড়ুয়া থেকে অভিভাবক সবার অভিযোগ, স্কুলের পড়ুয়ারা ঢালাই রাস্তার সুবিধা পাচ্ছে না পুরোপুরি ।
মূল রাস্তার ৪০ ফুটের মতো ঢালাই হয়েছে। কিন্তু স্কুলের মেন গেট পর্যন্ত ঢালাইয়ের কাজ অর্ধেক হয়ে পড়ে থাকায় সেখানে বৃষ্টির জল জমে। যার জেরে নাজেহাল অবস্থা পড়ুয়া, শিক্ষকদের। জল-কাদা ঠেঙিয়ে স্কুলে ঢুকতে হয় সকলকে। শিক্ষকদের দাবি, দীর্ঘদিন ধরে এই সমস্যার কথা স্থানীয় পঞ্চায়েতকে জানিয়েও সুরাহা হয়নি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নবদ্বীপ চক্রের এই মহিশুড়া উত্তরপাড়া প্রাথমিক স্কুল ১৯৯৯ সালে স্থাপিত হয়। এই স্কুলে উত্তরপাড়া, মোল্লাপাড়া সহ আশপাশের এলাকার পড়ুয়ারা পড়াশোনা করে। প্রাক প্রাথমিক থেকে শুরু করে পঞ্চম শ্রেণি পর্যন্ত পঠন-পাঠনের ব্যবস্থা রয়েছে। স্কুলের পড়ুয়া সংখ্যা ৬৯। শিক্ষক রয়েছেন চারজন। এই স্কুল বাড়িতেই একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রও চলে। গ্রামের উত্তরপাড়ার মূল রাস্তা থেকে স্কুলে যাওয়ার একটি ঢালাই রাস্তা তৈরি হয়েছিল। কিন্তু রাস্তার কাজ এখনও শেষ হয়নি কেন, তা নিয়ে স্কুলের তরফে স্থানীয় পঞ্চায়েত সদস্য মারফত প্রধানের কাছে জানতে চাওয়া হয়েছে।
ছোট মসজিদ পাড়ার বাসিন্দা নুরজিনা বিবি বলেন, আমার ছেলে ক্লাস ওয়ানে পড়ে। জল-কাদার মধ্যে দিয়ে স্কুলে ঢুকতে বাচ্চাগুলোর খুব সমস্যা হয়।
চতুর্থ শ্রেণির ছাত্রী নিম খাতুন জানায়, বৃষ্টি হলেই স্কুলের সামনে জল জমে যায়। স্কুলে ঢুকতে গিয়ে কাদায় আমিও পড়ে গিয়েছিলাম।
প্রধান শিক্ষক অতনু সেন বলেন, স্কুলে পৌঁছানোর রাস্তাটির ৪০ ফুট ঢালাই হলেও স্কুলের মেন গেটের সামনের বাকি অংশ এখনও ঢালাই হয়নি কেন, তা জানা নেই। পঞ্চায়েত প্রধানের কাছে লিখিতভাবে জানানো হয়েছে।
মহিশুড়া পঞ্চায়েতের সদস্যা মামিনা বিবি বলেন, স্কুলের শিক্ষকরা আমাকে রাস্তার বিষয়টি জানিয়েছিলেন। আমিও মৌখিকভাবে পঞ্চায়েতকে তা জানিয়েছি। পঞ্চায়েত থেকে আশ্বাস দিলেও এখনও পর্যন্ত রাস্তা তৈরির বাকি কাজ হয়নি।
মহিশুড়া পঞ্চায়েতের উপপ্রধান আকমল সরদারের কথায়, পঞ্চায়েতের কাছে এখন অর্থ নেই। ফান্ড এলে বর্ষার পরে ওই রাস্তার কাজ করে দেওয়া হবে।