Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ভগবানপুরে বরোজে রাস্তা বেহাল, ক্ষুব্ধ বাসিন্দারা, জীবনের ঝুঁকি নিয়ে চলাচল, গ্রামে ঢুকতে চায় না অ্যাম্বুলেন্স

বেশ কয়েক বছর আগে তৈরি হওয়া রাস্তার দফারফা অবস্থা। বেহাল রাস্তার উপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন ভগবানপুর-২ ব্লকের বরোজ পঞ্চায়েতের বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা।

ভগবানপুরে বরোজে রাস্তা বেহাল, ক্ষুব্ধ বাসিন্দারা, জীবনের ঝুঁকি নিয়ে চলাচল, গ্রামে ঢুকতে চায় না অ্যাম্বুলেন্স
  • ২৪ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কাঁথি: বেশ কয়েক বছর আগে তৈরি হওয়া রাস্তার দফারফা অবস্থা। বেহাল রাস্তার উপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন ভগবানপুর-২ ব্লকের বরোজ পঞ্চায়েতের বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা। সমস্যায় পড়ছে স্কুলপড়ুয়া ও শিক্ষকরা। হাটে যেতে অসুবিধা হচ্ছে স্থানীয় চাষিদের। বেহাল রাস্তার কারণে গ্রামের ভিতর ঢুকতে চায় না অ্যাম্বুলেন্স। রাতবিরেতে কেউ অসুস্থ হলে সমস্যায় পড়ছেন বাসিন্দারা। এনিয়ে ক্ষোভ বাড়ছে। 

Advertisement

ওই পঞ্চায়েতের পাঁউশি ভুঁইয়াপাড়া বটতলা থেকে শিমুলিয়া পঞ্চায়েত অফিস পর্যন্ত ঢালা‌ই রাস্তার অত্যন্ত বেহাল দশা। রাস্তার মাঝ বরাবর বড় ফাটল হয়ে রয়েছে। মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটছে। রাতবিরেতে কেউ অসুস্থ হয়ে পড়লে অ্যাম্বুলেন্স আসতে চাইছে না। এমনকী যাত্রীদের নিয়ে টোটো-অটোও ঢুকতে চাইছে না। পঞ্চায়েত অফিসের কাছেই ঢালাই রাস্তায় যে কোনও সময় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে উল্টে পড়ার আশঙ্কা রয়েছে। পঞ্চায়েত এলাকার আরও বেশ কয়েকটি রাস্তার বেহাল দশা বলে বাসিন্দাদের অভিযোগ। কায়েমগেড়িয়া হাইস্কুল সহ বিভিন্ন স্কুলের পড়ুয়ারা এই রাস্তা দিয়ে যাতায়াত করে। রাস্তা বেহাল থাকায় পড়ুয়া ও শিক্ষকরা সমস্যায় পড়ছেন। ডি শিমুলিয়ার বাসিন্দা সুদীপ ভুঁইয়া বলেন, বহু বছর আগে ঢালা‌ই রাস্তা ঩তৈরি হয়েছিল। পাঁউশি থেকে কিছুটা অংশ কিছুদিন আগে নতুন করে তৈরি হয়েছে। কিন্তু ভুঁইয়াপাড়া থেকে পঞ্চায়েত অফিস পর্যন্ত রাস্তার অত্যন্ত খারাপ অবস্থা। পাঁউশি দেশপ্রাণ সেতু থেকে বাজার পর্যন্ত রাস্তার অবস্থা বেহাল। বৃষ্টিতে কার্যত ডোবার আকার নিয়েছে। এলাকার বাসিন্দারা জানান, জনপ্রতিনিধি, নেতা সহ সকলে এই রাস্তা দিয়ে চলাচল করছেন। অথচ সংস্কারের ব্যাপারে কোনও পদক্ষেপ নিচ্ছেন না। কিছুদিন আগে দু’-এক জায়গায় শুধু মোরাম দিয়ে দায় সেরেছে। আমাদের বাজারে যেতে খুব অসুবিধা হয়। রাতের দিকে গ্রামের ভিতরে কেউ অসুস্থ হয়ে পড়লে অ্যাম্বুলেন্স আসতে চায় না। টোটোয় ২০টাকা ভাড়া। অথচ বেহাল রাস্তার কারণে ১০০ টাকা চায়। 
ডিশিমুলিয়া থেকে দীঘাদাঁড়ি বাজার যাওয়ার রাস্তা, দক্ষিণ বরোজ গ্রামের রাস্তাও অত্যন্ত বেহাল বলে বাসিন্দাদের অভিযোগ। বৃষ্টি হলেই ডিশিমুলিয়া, উত্তর বিজয়নগর সহ বিভিন্ন গ্রামের বাসিন্দাদের ভোগান্তির শিকার হতে হয়। এলাকার বাসিন্দারা বলেন, রাস্তা সংস্কার ও ভুঁইয়াপাড়া থেকে দক্ষিণ বরোজ পর্যন্ত নতুন ঢালাই রাস্তার দাবিতে সরাসরি মুখ্যমন্ত্রীতে অভিযোগ জানানো সত্ত্বেও কোনও কাজ হয়নি। দক্ষিণ বরোজের বিজেপির পঞ্চায়েত সদস্য দুর্গাপদ দোলই বলেন, রাস্তাঘাটের অবস্থা অত্যন্ত খারাপ। ছাত্ররা স্কুলে যেতে সমস্যায় পড়ছে। রোগীদের নিয়ে যেতে অসুবিধা হচ্ছে। কোনও কাজ হচ্ছে না। বরোজ পঞ্চায়েতের প্রধান উৎপল জানা বলেন, পথশ্রী প্রকল্পে পাঁচটি রাস্তা সংস্কারের জন্য জেলায় প্রস্তাব পাঠানো হয়েছে। আশা করছি দ্রুত রাস্তার কাজ হবে।-নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ