Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বেহাল কান্দির আন্দুলিয়া গ্রামের রাস্তা, ধানের চারা পুঁতে প্রতিবাদ

কান্দি শহর লাগোয়া আন্দুলিয়া গ্রামে প্রায় পাঁচবছর ধরে বেহাল পিচ রাস্তা। তৈরি হয়েছে ছোটবড় গর্ত।

বেহাল কান্দির আন্দুলিয়া গ্রামের রাস্তা, ধানের চারা পুঁতে প্রতিবাদ
  • ২৬ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কান্দি: কান্দি শহর লাগোয়া আন্দুলিয়া গ্রামে প্রায় পাঁচবছর ধরে বেহাল পিচ রাস্তা। তৈরি হয়েছে ছোটবড় গর্ত। একটু বৃষ্টি হলেই সেখানে জলকাদায় ভরে যায়। হেঁটে ও বাইক বা সাইকেলে চলা দায় হয়েছে। সেখানে পড়ে গিয়ে হা-পা ভেঙে যওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। বহুবার প্রশাসনকে জানিয়েও রাস্তা মেরামত হয়নি। বর্ষায় সেই রাস্তা আরও ভয়ানক হয়ে উঠেছে। এর প্রতিবাদে বুধবার রাস্তায় ধানের চারা পুঁতল ক্ষুব্ধ বাসিন্দারা।

Advertisement

কান্দি ব্লকের জেমো থেকে শীতলাতলা মন্দির পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার ওই রাস্তাটি মুর্শিদাবাদ জেলা পরিষদের উদ্যোগে তৈরি হয়েছিল। কিন্তু দীর্ঘদিন এর কোনও সংস্কার না হওয়ায় সম্প্রতি ভয়ানক চেহারা নিয়েছে। বাসিন্দারা জানিয়েছেন, ওই রাস্তার প্রায় ৮০০ মিটার এলাকার পুরোটাই জল কাদায় ভর্তি। সামান্য বৃষ্টি হলে যাতায়াত কার্যত বন্ধ করে দিতে হয়। মাঝেমধ্যে দুর্ঘটনা লেগে থাকে। অথচ এই রাস্তায় কয়েক হাজার বাসিন্দা প্রতিদিন যাতায়াত করেন। জেলার বেলডাঙা, সাটুই থেকে প্রচুর ব্যবসায়ী কান্দি শহরে এই রাস্তা ধরে যাতায়াত করেন। এমন একটি গুরুত্বপূর্ণ রাস্তা দীর্ঘদিন ধরে মেরামত করা হয়নি।
স্থানীয় বাসিন্দা আজাহার শেখ বলেন, রাস্তার এমন অবস্থা যে, বাড়িতে আত্মীয়রাও আসা ছেড়ে দিয়েছেন। পা ভর্তি কাদা নিয়ে বাড়িতে ঢুকতে হয়। স্থানীয় বাসিন্দা তথা শিক্ষক মহম্মদ শাহীনুজ্জামান বলেন, খারাপ রাস্তার জন্য মানুষ চরম দুর্ভোগে আছি। যে কারণে প্রশাসনের নজরকাড়তে বাসিন্দারা রাস্তায় ধানের চারা পুঁতে রেখেছেন।
এবিষয়ে কান্দির বিধায়ক অপূর্ব সরকার বলেন, সমস্যার কথা জেলা পরিষদে জানানো হয়েছে। তবে, বাসিন্দাদের ধৈর্য ধরতে বলব। প্রশাসনিক কাজকর্ম নির্দিষ্ট প্রক্রিয়ায় হয়ে থাকে। তাড়াহুড়ো করে এসব হয় না। মুর্শিদাবাদ জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ সামসুজ্জোহা বিশ্বাস জানান, ওই রাস্তার সংস্কারের জন্য রাজ্য সরকারের কাছে প্রস্তাব পাঠান রয়েছে। টাকা বরাদ্দ হলেই কাজ শুরু হবে। -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ