Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

সাঁতুড়ির লেদাসন থেকে কাশীপুরের ইন্দ্রবিল স্টেশন পর্যন্ত রাস্তা বেহাল

সাঁতুড়ি ব্লকের লেদাসন থেকে কাশীপুর ব্লকের ইন্দ্রবিল রেলস্টেশন পর্যন্ত যাওয়ার রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাস্তাটির গুরুত্বের কথা ভেবে প্রায় দুই বছর আগে পুরুলিয়া জেলা পরিষদের তত্ত্বাবধানে আরডিআইএফ প্রকল্পে রাস্তার নির্মাণ কাজ করা হয়।

সাঁতুড়ির লেদাসন থেকে কাশীপুরের ইন্দ্রবিল স্টেশন পর্যন্ত রাস্তা বেহাল
  • ৪ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, রঘুনাথপুর: সাঁতুড়ি ব্লকের লেদাসন থেকে কাশীপুর ব্লকের ইন্দ্রবিল রেলস্টেশন পর্যন্ত যাওয়ার রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাস্তাটির গুরুত্বের কথা ভেবে প্রায় দুই বছর আগে পুরুলিয়া জেলা পরিষদের তত্ত্বাবধানে আরডিআইএফ প্রকল্পে রাস্তার নির্মাণ কাজ করা হয়। বর্তমানে সেই রাস্তাটি বেহাল হয়ে পড়েছে। একাধিক স্থানে পিচ উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। শনিবার রাতে রাস্তার একটি গর্তের মধ্যে খড়বোঝাই একটি গাড়ি আটকে পড়ে। যার ফলে প্রায় চার ঘন্টা রাস্তাটি যান চলাচল বন্ধ হয়ে পড়ে। দুই বছর যেতে না যেতেই রাস্তা বেহাল হয়ে পড়ায় স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করেছেন। এলাকার বাসিন্দাদের তরফ থেকে রাস্তাটির দ্রুত সংস্কারের দাবি জানানো হয়েছে। পাশাপাশি নির্মাণকারী ঠিকাদার সংস্থার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করার জন্য জানানো হয়েছে। 

Advertisement

কাশীপুর ব্লকের বিডিও সুপ্রিম দাস বলেন, রাস্তাটির বেহাল অবস্থার বিষয়ে অভিযোগ পেয়েছি। জেলা পরিষদ থেকে রাস্তাটির কাজ করা হয়েছিল। তাই জেলাকে বিষয়টি জানানো হয়েছে।
প্রশাসনের একটি সূত্র থেকে জানা গিয়েছে, দুই ব্লকের গুরুত্বপূর্ণ রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল থাকায় প্রচুর আন্দোলন হয়েছিল। বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে ডেপুটেশন থেকে শুরু করে রাস্তা অবরোধ, ধানের চারা পুঁতে বিক্ষোভ দেখানো হয়েছিলো। দিদিকে বলোতে পর্যন্ত অভিযোগ জানানো হয়েছিল। যার ফলে রাজ্য সরকার রাস্তাটি করার জন্য সম্মতি প্রকাশ করে। প্রায় ৮ কিলোমিটার রাস্তাটি রয়েছে। দুটি ভাগে রাস্তাটির কাজ করা হয়।যার মধ্যে জেলা পরিষদের তত্ত্বাবধানে ৪.২ কিলোমিটার রাস্তা আরআইডিএফ প্রকল্পে নতুন করে পিচ রাস্তার কাজ করা হয়। যার জন্য খরচ পড়ে এক কোটি ৬২ লক্ষ টাকা। অন্যদিকে, কয়েক লক্ষ টাকা দিয়ে বাকি অংশের রাস্তার সংস্কারের কাজ করা হয়। বর্তমানে সমস্ত রাস্তাটি বেহাল হয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাস্তাটি দিয়ে স্কুল, কলেজের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে এলাকার ১০০ টির বেশি গ্রামের মানুষ যাতায়াত করেন। বর্তমানে রাস্তাটির উপর দিয়ে দুটি বেসরকারি বাস ও বেশ কয়েকটি ছোট গাড়ি চলাচল করে। খড়গপুর, কলকাতা যাওয়ার জন্য ইন্দ্রবিল রেলস্টেশন ট্রেন ধরতে এলাকার মানুষ রাস্তাটি দিয়ে যাতায়াত করেন।
কাশীপুর ব্লক বিজেপির কো -কনভেনার প্রকাশ মাহাত বলেন, দীর্ঘ আন্দোলনের পর রাস্তাটি হয়েছিল। কিন্তু রাস্তাটি নির্মাণের সময়ে নিম্নমানের কাঁচামাল দেওয়া হয়েছিল। সেই সময় অভিযোগ জানালেও কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি। প্রচুর কাটমানির খেলা চলেছিল। যার ফলস্বরূপ গুরুত্বপূর্ণ রাস্তাটি দু'বছরও টিকলো না। রাস্তাটির কাজ নিয়ে উচ্চ দপ্তরের তদন্ত করার প্রয়োজন রয়েছে। জেলা পরিষদের কো -মেন্টর সহদেব মাহাত বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। জেলা পরিষদের দপ্তরের 
সাথে রাস্তাটি নিয়ে আলোচনা করা হবে। -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ