নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: দিন যায়, মাস যায়, তবু বেহাল রাস্তার হাল ফেরে না। নীরব প্রশাসন। অথচ খানা-খন্দে বোঝাই রাস্তার কারণে বিপর্যস্ত জনজীবন। তাই বাধ্য হয়ে জীর্ণ রাস্তা সারাইয়ের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার রানাঘাট এক নম্বর ব্লকের তারাপুর পঞ্চায়েত এলাকায় বেশ কয়েক ঘন্টা ধরে এই অবরোধ চলে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হবিবপুর থেকে বলাগড়ঘাট পর্যন্ত রয়েছে রাজ্য সড়ক। কিন্তু এই রাস্তার হবিবপুর থেকে তারাপুর পর্যন্ত অংশটি দীর্ঘদিন ভগ্নদশায় পড়ে রয়েছে। সব মিলিয়ে প্রায় 8 কিলোমিটার রাস্তার বেহাল দশা। রাস্তায় বড় ছোট খানাখন্দ এমনিতেই বিপদজনক রূপ নিয়েছে। গত কয়েকদিনের বৃষ্টিতে জল জমার কারণে বিপদের ঝুঁকি আরও বেড়েছে। প্রতিদিন ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। যেকোনও সময় প্রাণহানি ঘটতে পারে। অবরোধকারীদের দাবি, দীর্ঘদিন ধরে তারা প্রশাসনের বিভিন্ন মহলে রাস্তা সংস্কারের দাবি জানাচ্ছেন। কিন্তু তা সত্ত্বেও সংস্কারের কাজ হচ্ছে না। এমনকী ন্যূনতম প্যাচওয়ার্কও হয়নি কোথাও। তাই বাধ্য হয়েই তাঁরা পথ অবরোধের সিদ্ধান্ত নেন। এক অবরোধকারী বলেন, দীর্ঘদিন ধরে বেহাল রাস্তা নিয়ে আমাদের অভিযোগ। পঞ্চায়েত এবং ব্লক স্তরে আমরা অভিযোগ জানিয়েছি। প্রশাসন রাস্তার অবস্থা সম্পর্কে ওয়াকিবহাল। তা সত্ত্বেও কোনও পদক্ষেপ নেওয়া হচ্ছে না। তাই বাধ্য হয়েই আমরা অবরোধ করার সিদ্ধান্ত নিই। প্রসঙ্গত, প্রায় ঘন্টা দুয়েকের বেশি সময় চলে সেই রাস্তা অবরোধ। শেষ পর্যন্ত প্রশাসনের তরফে দ্রুত রাস্তা সংস্কারের আশ্বাস মিললে ওঠে যায় অবরোধ।
বিষয়টি নিয়ে রানাঘাট ১ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক জয়দেব মন্ডল বলেন, রাস্তার বেহাল দশা ঠিকই। সাধারণ মানুষ তার প্রতিবাদেই অবরোধ করেছিলেন। আমি পি ডব্লু ডি সঙ্গে কথা বলেছি। তারা রাস্তা সংস্কারের কাজ আগেই শুরু করেছিল। কিন্তু মাঝে টানা কয়েকদিন বৃষ্টির জন্য সেই কাজ বন্ধ রাখতে হয়েছিল। অবরোধের বিষয়টি শোনার পর আমি পি ডব্লু ডি-কে ফের তদ্বির করেছি। তাদের ইঞ্জিনিয়াররা আশ্বাস দিয়েছেন শুক্রবার থেকেই কাজ শুরু হবে। আশা করছি দ্রুত সাধারণ মানুষের সমস্যা মিটে যাবে।