Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রানিনগরে টোটো চালকদের সঙ্গে পুলিসের সমন্বয় বৈঠক

রানিনগরে টোটো চালকদের সঙ্গে পুলিসের সমন্বয় বৈঠক
  • ২২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ডোমকল: গত কয়েকবছরে রানিনগর থানা এলাকায় টোটোর সংখ্যা হু হু করে বেড়েছে। রাস্তায় নাবালকদেরও টোটো নিয়ে ঘুরতে দেখা যায়। রাস্তায় অনেকে শৃঙ্খলা মেনে টোটো না চালানোয় দুর্ঘটনা বাড়ছিল। টোটো চালকদের বিষয়ে পুলিসের কাছে কোনও তথ্য না থাকায় চুরি বা অবৈধ কাজে টোটো ব্যবহৃত হলেও তদন্ত সেভাবে এগোনো যেত না। তবে দেরিতে হলেও এই সমস্যা মেটানোর উদ্যোগ নেওয়া হয়েছে। শনিবার দুপুরে রানিনগরের একটি কমিউনিটি হলে টোটো চালকদের নিয়ে পুলিসের সমন্বয় বৈঠক ডাকা হয়।
Advertisement
এই বৈঠকে রাস্তায় টোটো চালাতে হলে কী কী করা যাবে, কী করা যাবে না-সে নিয়ে পুলিসের তরফে স্পষ্ট বার্তা দেওয়া হয়। টোটো চালকদের জন্য নির্দিষ্ট রুট তৈরি ও থানা এলাকায় টোটো চালকদের বিষয়ে তথ্য নথিবদ্ধ করার বিষয়ে আলোচনা হয়। কোনওভাবেই নাবালকদের টোটো চালাতে দেওয়া যাবে না বলেও স্পষ্ট জানানো হয়। বৈঠকে রানিনগর-২ এর বিডিও কৃষ্ণ নির্মাল্য ভট্টাচার্য, রানিনগর-২ পঞ্চায়েত সমিতির সভাপতি কুদ্দুস আলি সহ অনেকেই উপস্থিত ছিলেন।
বিডিও বলেন, সম্প্রতি টোটোর উপর নিয়ন্ত্রণ নিয়ে মহকুমা প্রশাসন একটি বৈঠক করেছিল। সেই পরিপ্রেক্ষিতেই শনিবার রানিনগর থানার পুলিস টোটো চালকদের নিয়ে বৈঠক করল।
শেখপাড়া টোটো অ্যাসোসিয়েশনের সম্পাদক সেকেন্দার আলি বলেন, রানিনগর থানার তরফে বৈঠকে কিছু বিষয় তুলে ধরা হয়েছে। আমাদের বেশ কিছু সমস্যার কথাও তাঁদের কাছে তুলে ধরেছি। তাঁরা সেই সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন।
সম্পর্কিত সংবাদ