Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রানিনগরে ভাত দিতে দেরি হওয়ায় স্ত্রীকে পিটিয়ে খুন

রানিনগরে ভাত দিতে দেরি হওয়ায় স্ত্রীকে পিটিয়ে খুন
  • ২০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বহরমপুর: ভাত দিতে দেরি হওয়ায় স্ত্রীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। মৃতার নাম কাঞ্চনি সর্দার(৪৮)। শুধু তাই নয়, মেয়েকে বাঁচাতে গিয়ে জামাইয়ের হাতে বেধড়ক মার খেয়েছেন কাঞ্চনিদেবীর মা বিমলা সর্দার। এখন কলকাতার একটি হাসপাতালে তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। ১২দিন আগে রানিনগর থানার কাতলামারির কুঠিপাড়ায় ওই মারধরের ঘটনা ঘটে। বৃহস্পতিবার মেয়ের বাড়িতে কাঞ্চনিদেবীর মৃত্যু হয়েছে। পুলিস অভিযুক্ত রঞ্জিত দাসকে গ্রেপ্তার করেছে।
Advertisement
কাঞ্চনি সর্দারের দ্বিতীয় পক্ষের স্বামী রঞ্জিত দাস। ওই বধূর দু’পক্ষের পাঁচ ছেলেমেয়ে রয়েছে। অভিযোগ, ৮ ডিসেম্বর দুপুরে ভাত দিতে দেরি হওয়ায় কাঞ্চনি সর্দারকে বাঁশ দিয়ে এলোপাথাড়ি পেটাতে শুরু করে রঞ্জিত। মেয়েকে বাঁচাতে গেলে বিমলা সর্দারও জামাইয়ের হাতে বেধড়ক মার খান। পড়শিরা মা-মেয়েকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেদিন রাতেই তাঁদের কলকাতায় স্থানান্তরিত করা হয়। কিন্তু চিকিৎসার খরচ চালাতে না পারায় কাঞ্চনিদেবীর জামাই দীনেশ হাজরা শাশুড়িকে ভজরামপুরে নিজের বাড়িতে নিয়ে আসেন। সেখানে প্রায় বিনা চিকিৎসায় বৃহস্পতিবার ভোরে কাঞ্চনি সর্দারের মৃত্যু হয়। তাঁর মায়ের কলকাতায় চিকিৎসা চলছে।
৮ ডিসেম্বরই কাঞ্চনিদেবীর বাপের বাড়ির তরফে রানিনগর থানায় রঞ্জিত দাসের বিরুদ্ধে দু’জনকে খুনের চেষ্টার অভিযোগ দায়ের হয়েছিল। এখন সে জেল হেফাজতে রয়েছে। মৃতের জামাই দীনেশ সর্দার বলেন, শাশুড়ির উপর প্রায়ই শারীরিক অত্যাচার করত। সেদিন নেশাগ্রস্ত অবস্থায় দু’জনকেই মারধর করে।
সম্পর্কিত সংবাদ