সংবাদদাতা, বর্ধমান: শিশু দিবসের প্রাক্কালে বর্ধমানের একটি স্বেচ্ছাসেবী সংস্থা সোমবার রায়না-২ ব্লকের বড়বৈনান গ্রামের হাটতলায় দুঃস্থ, অপুষ্টিতে ভোগা শিশু ও তাদের মায়েদের নিয়ে অন্নপ্রাশন দিবস পালন করল। শিশুদের পুষ্টির মান নির্ণয় করে তাদের হাতে প্রোটিন, কার্বোহাইড্রেট যুক্ত সুষম আহারের সুসজ্জিত থালা তুলে দেওয়া হয়। সেই থালায় ৫০০ গ্রাম সয়াবিন, ৪০০ গ্রাম সুজি, ৫০০ গ্রাম ছাতু, ২৫০ গ্রাম ছোলা ও ১০০ গ্রাম দুধের প্যাকেট ছিল। ৫০ শিশুর হাতে এই থালা তুলে দেওয়া হয়। প্রান্তিক এলাকায় অপুষ্টিতে ভোগা লাল ও হলুদ শিশু হিসেবে চিহ্নিতদের যথাযথ পুষ্টির ব্যবস্থা করা, গ্রামাঞ্চলে মায়েদের মধ্যে পুষ্টি সম্পর্কে সচেতনতা গড়ে তোলার উদ্দেশ্যেই এই কর্মসূচি নেওয়া হয়।
Advertisement
এদিন অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা পরিষদের জনস্বাস্থ্য ও পরিবেশ কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায়। সংস্থার সম্পাদক প্রলয় মজুমদার বলেন, পশ্চিমবঙ্গের শিশুদের অপুষ্টিতে ভোগা দূর করাই আমাদের উদ্দেশ্য।



