Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রামপুরহাট মেডিক্যালে এবারই প্রথম পাথরের মূর্তিতে বাবলা কালীর পুজো

রামপুরহাট মেডিক্যালে এবারই প্রথম পাথরের মূর্তিতে বাবলা কালীর পুজো
  • ১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, রামপুরহাট: শনিবার রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বরে ঐতিহ্যবাহী বাবলা কালী পুজো হল। অন্য বছর মৃণ্ময়ী প্রতিমায় পুজো হলেও এবারই সাড়ে পাঁচ ফুটের পাথরের স্থায়ী কালীমূর্তি বসেছে। এই পুজোর জন্য ভক্তরা সারাবছর অধীর আগ্রহে অপেক্ষায় থাকেন। মেডিক্যাল কলেজের অধ্যক্ষ করবী বড়াল বলেন, এখানে দেবী খুবই জাগ্রত।
Advertisement
৭০বছরের বেশি পুরনো বাবলা কালীর পুজোয় বহু মানুষ অংশ নেন। নদীয়া জেলার পাশাপাশি মুর্শিদাবাদ, ঝাড়খণ্ডের দুমকা ও পাকুড় জেলা থেকেও বহু ভক্ত মন্দির চত্বরে এসে রাত জাগেন। শনিবার সকাল থেকেই তাই মন্দির চত্বরে ভক্তদের ঢল নেমেছে। সন্ধ্যা হতেই রকমারি আলোকসজ্জায় পুরো মেডিক্যাল চত্বর সেজে ওঠে। এই হাসপাতালে চতুর্থ শ্রেণির কর্মী হিসেবে চাকরি করতেন সুবলচন্দ্র দাস। তিনি রোজ সকালে বাবলা গাছের ডাল ভেঙে দাঁতন করতেন। কথিত আছে, একদিন দাঁতন করার সময় তাঁর মুখ দিয়ে রক্ত বেরোতে থাকে। ওইদিন দেবী তাঁকে স্বপ্নাদেশ দিয়ে বলেন, ‘আমি বাবলা গাছের তলায় শিলারূপে বিরাজ করছি। আমার নিত্যপুজোর ব্যবস্থা কর।’ এরপরই সুবলবাবু বাবলাগাছের তলায় দেবীকে প্রতিষ্ঠা করেন। সেই শিলামূর্তি এখন রুপোর মোড়কে ঢাকা আছে। এতদিন অগ্রহায়ণ মাসে দক্ষিণাকালীর পুজোর তিথিতে দেবীর মৃণ্ময়ী প্রতিমা গড়ে পুজো হতো। এবার পাথরের স্থায়ী প্রতিমা বসানো হচ্ছে। আগে দেবীর বেদী মাটির ছিল। এখন টাইলস বসানো বেদী, পাকা ছাদ তৈরি হয়েছে। এদিন সন্ধ্যায় পুজো শুরু হয়। বহু ভক্ত মানত পূরণে পাঁঠা বলি দেন। ফলে এই বিশেষ তিথিতে শতাধিক পাঁঠাবলি হয়।
হাসপাতালের কর্মী প্রশান্ত দাস, নীরদ সাহা, বিশ্বজিৎ ভট্টাচার্যরা পুজোর অন্যতম উদ্যোক্তা। তাঁরা জানান, আগে দেবীপ্রতিমা তৈরির ভার ভক্তরাই নিতেন। এবছর থেকে পাথরের স্থায়ী প্রতিমায় পুজো শুরু হল। এই বিশেষ তিথিতে পুজোর পাশাপাশি দেবীর নিত্যসেবা ও সন্ধ্যারতি হয়। ফি বছর এই পুজোয় ২৫-৩০হাজার ভক্তের সমাগম হয়। রবিবার প্রায় ১০হাজার মানুষকে পাত পেড়ে প্রসাদ খাওয়ানো হবে।
রামপুরহাটের পাশাপাশি মুর্শিদাবাদ ও ঝাড়খণ্ডের বহু রোগী এখানে ভর্তি হন। তাঁদের সুস্থতা কামনায় বাবলাকালীর কাছে মানত করেন আত্মীয়স্বজনরা। এই পুজোয় নানা ধর্মের মানুষ অংশ নেন।
সম্পর্কিত সংবাদ