সংবাদদাতা, কাঁথি: রামনগরের তালগাছাড়ি-২ পঞ্চায়েতের বোধড়া এলাকায় এক নাবালিকার বিয়ে আটকাল পুলিস-প্রশাসন। মঙ্গলবার রাতে এলাকায় একটি মন্দিরে বছর ষোলোর ওই নাবালিকার বিয়ে হওয়ার কথা ছিল। পাত্র পার্শ্ববর্তী লছিমপুর এলাকার এক যুবক। বিয়ের জন্য যাবতীয় তোড়জোড় চলছিল। খাওয়াদাওয়ার আয়োজন করা হয়েছিল। আত্মীয়স্বজনও এসে গিয়েছিলেন। নাবালিকা স্থানীয় একটি হাইস্কুলে একাদশ শ্রেণিতে পড়াশোনা করে। খবর পেয়ে সন্ধ্যায় ব্লক প্রশাসনের প্রতিনিধি ও মন্দারমণি কোস্টাল থানার পুলিস নাবালিকার বাড়িতে যায়। পুলিস-প্রশাসনের প্রতিনিধিরা নাবালিকার পরিবারের লোকজনকে বোঝান। তাঁরা জানান, দরিদ্র পরিবার হওয়ায় মেয়ের বিয়ে দিতে চেয়েছিলেন। শেষ পর্যন্ত নাবালিকার বাবা-মা মুচলেকা দিয়ে জানান, ১৮বছর বয়স না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দেবেন না। পুলিস-প্রশাসনের প্রতিনিধিরা পাত্রের পরিবারের লোকজনকেও সতর্ক করে দেন।
Advertisement
বিডিও পূজা দেবনাথ বলেন, আমরা খবর পেয়ে ব্লক প্রশাসনের প্রতিনিধিদের সেখানে পাঠাই। পুলিসকেও জানানো হয়। নাবালিকা বিয়ে বন্ধ করার জন্য ব্লকজুড়ে সচেতনতার প্রচার চলছে। স্কুলে ছাত্রীদের সচেতন করা হচ্ছে। সচেতন করা হচ্ছে অভিভাবকদেরও। কোথাও নাবালিকা বিয়ের খবর পেলে পুলিস-প্রশাসনের প্রতিনিধিরা গিয়ে বিয়ে আটকাচ্ছেন।



