Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রিকশস্ট্যান্ড ভাঙা নিয়ে বাঁকুড়া শহরে উত্তেজনা, অবরোধ

রিকশস্ট্যান্ড ভাঙা নিয়ে বাঁকুড়া শহরে উত্তেজনা, অবরোধ
  • ৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: রিকশস্ট্যান্ড ভাঙা নিয়ে বুধবার বাঁকুড়া শহরের জুনবেদিয়া মোড় এলাকায় উত্তেজনা ছড়ায়। পুরসভার তরফে ওই স্ট্যান্ডটি ভেঙে ফেলার কাজ শুরু হতেই স্থানীয়দের একাংশ আপত্তি জানায়। তারা ঘটনার প্রতিবাদে কিছুক্ষণের জন্য জুনবেদিয়া মোড়ে বাঁকুড়া বাইপাস রাস্তা অবরোধ করে বিক্ষোভও দেখায়। পরে সদর থানার পুলিস গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুরসভা ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েকবছর আগে সাংসদ এলাকা উন্নয়ন তহবিলের টাকায় ওই ভ্যানরিকশ স্ট্যান্ডটি তৈরি করা হয়। পরে সেভাবে শহরে রিকশ না থাকায় সেটি যাত্রী প্রতীক্ষালয় হিসেবে ব্যবহৃত হতো। বাসযাত্রীরা রোদ-বৃষ্টিতে সেখানে আশ্রয় নিতেন। চারদিক খোলা ওই শেডের নীচে বিকেলের দিকে প্রবীণরা বসে গল্পগুজবও করতেন। ফলে সেটি ভেঙে ফেলায় অনেকের অসুবিধা হবে বলে স্থানীয়দের দাবি। সেই কারণে এদিন প্রতিবাদ জানানো হয়েছে বলে বিক্ষোভকারীরা জানিয়েছেন। বাঁকুড়া পুরসভার চেয়ারম্যান অলকা সেনমজুমদার বলেন, শহর থেকে রিকশ কার্যত উঠে গিয়েছে। ফলে রাতে ওই স্ট্যান্ডটি ফাঁকা পড়ে থাকে। সেটি অসামাজিক কাজে ব্যবহার করা হচ্ছিল বলে স্থানীয়দের একাংশ আমাদের কাছে অভিযোগ জানান। সেই কারণে সেটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়। বাসিন্দাদের আপত্তি খতিয়ে দেখা হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ