Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / সম্পাদকীয়

রাজ্যগুলির দাবি ন্যায্য

রাজ্যগুলির দাবি ন্যায্য
  • ১২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
ভারতের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় কেন্দ্র কোনও ‘প্রভু’ নয় এবং রাজ্যগুলিও নয় তার ‘হুকুমবরদার’। কেন্দ্র ‘দাতা’ এবং রাজ্যগুলি ‘অনুগৃহীত’—এমনও নয় সম্পর্কটি। ভারত রাষ্ট্র গড়ে উঠেছে রাজ্যগুলির সমবায়ের নীতির ভিত্তিতে। সেখানে কেন্দ্র রয়েছে একটি সমন্বয়কারীর ভূমিকায়। দেশ যাতে তার স্বাধীনতা ও অখণ্ডতা এবং সার্বভৌম চরিত্র বজায় রেখে শক্তিশালী হতে পারে সংবিধানে রয়েছে তার যাবতীয় সংস্থান। শক্তিবৃদ্ধির সেরা চাবিকাঠি হল নিরন্তর উন্নয়ন। ভারতে প্রদেশ এবং অঞ্চল ভেদে ভাষা, ধর্ম, সংস্কৃতি প্রভৃতি বিচিত্র। তাই ভারতকে উন্নয়নের রাস্তা খুঁজতে হয় বৈচিত্র্যের মধ্যে ঐক্যের সৌন্দর্যকে অক্ষুণ্ণ রেখেই। যাতে এই মহান প্রক্রিয়া বিঘ্নকারী কোনও সংঘাতের বাতাবরণ সৃষ্টি না-হয়, তার জন্য সংবিধান কেন্দ্র এবং রাজ্যগুলির দায়িত্ব, কর্তব্য ও অধিকার সুনির্দিষ্ট করে দিয়েছে। সেগুলি বর্ণিত হয়েছে কেন্দ্র তালিকা, রাজ্য তালিকা এবং যৌথ তালিকায়। যেমন প্রতিরক্ষা, বিদেশ, পারমাণবিক শক্তি, রেল ও বিমান, বৈদেশিক বাণিজ্য, ব্যাঙ্কিং ব্যবস্থা প্রভৃতি দায়িত্ব একান্তভাবেই কেন্দ্রকে পালন করতে হয়। রা঩জ্যের তালিকাভুক্ত উল্লেখযোগ্য বিষয়গুলি হল—কৃষি, পুলিস, স্বাস্থ্য, জমি, আবগারি, প্রাণিসম্পদ, রাজ্য সরকারের পরিষেবা প্রভৃতি। আর কেন্দ্র এবং রাজ্য দুই সরকারের সুসমন্বয়ের ভিত্তিতে যে কাজগুলি সম্পন্ন হয় সেই তালিকায় সবচেয়ে উল্লেখযোগ্য হল—শিক্ষা, অকৃষি সম্পত্তির হস্তান্তর, অরণ্য, শ্রমিক ইউনিয়ন, ভেজাল প্রতিরোধ, দত্তক ও উত্তরাধিকার প্রভৃতি। 
Advertisement
তালিকা তিনটি থেকে পরিষ্কার যে, উন্নয়নের জন্য কেন্দ্র, রাজ্য উভয়েরই বিপুল অর্থের প্রয়োজন। তবে রাজস্ব সংগ্রহের ক্ষেত্রে কেন্দ্রের ভূমিকা নগণ্য—রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিই হল সকল আয়-সম্পদের উৎস। রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি থেকেই প্রত্যক্ষ এবং পরোক্ষ কর হিসেবে যাবতীয় রাজস্ব কেন্দ্র সংগ্রহ করে। বিপুল ব্যয়ভার সামলানোর জন্য, এরপর সেই অর্থের কিছুটা কেন্দ্রের রেখে দেওয়ার কথা এবং বাকিটার সুষম বণ্টন হওয়ার কথা সাংবিধানিক ফর্মুলা মেনে। সমস্যাটা ঠিক এখানেই। আয়কর, জিএসটি এবং অন্যান্য সূত্রে কেন্দ্র যে হাজার হাজার কোটি টাকা রাজ্যগুলি থেকে তুলে নিয়ে যায়, তার দরুন রাজ্যগুলির ন্যায্য প্রাপ্য মেটাতে তীব্র অনীহা প্রকাশ করে দিল্লি। নিজের প্রাপ্য পেতে তখন রাজ্যগুলি বাধ্য হয় দিল্লির কাছে দরবার করতে। প্রাপ্য মেটানো দূর, কেন্দ্র বহু ক্ষেত্রে রাজ্যের দাবি, অনুরোধ, উপরোধে সাড়াই দেয় না। দিল্লিওয়ালাদের কারবার দেখে জমিদারি জমানার কথা মনে পড়ে যেতে পারে। ইচ্ছে হলে দেব, মর্জি না-হলে দেব না—কেন্দ্রের হাবভাব পরিষ্কার এটাই। এই ব্যাধি অবশ্য নতুন নয়, বিধান রায়ের আমল থেকেই বাংলা এই জিনিস দেখে আসছে। অত্যন্ত ব্যক্তিত্বসম্পন্ন মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর বিশেষ বন্ধু হিসেবে বিধানচন্দ্র অবশ্য বাংলার জন্য অনেক কিছু বাগিয়ে আনতে পেরেছিলেন। নেহরু জমানার ওই ‘দীর্ঘদেহী’ মুখ্যমন্ত্রীর আরও মস্ত সুবিধা ছিল, তিনিও কংগ্রেসি। 
কিন্তু পরবর্তী পাঁচ-ছয় দশকের বেশিরভাগ সময় বাংলার শাসনকর্তারা অকংগ্রেসি। আরও সমস্যা হল, কেন্দ্রীয় ক্ষমতা কংগ্রেসের হাতছাড়া হলেও কেন্দ্র আর বাংলার সরকার এক পার্টি বা জোটের হয়নি বেশিরভাগ ক্ষেত্রে। তার ফলে পশ্চিমবঙ্গ বারবারই রাজনৈতিক সংকীর্ণতার বলি হয়েছে। নরেন্দ্র মোদির দীর্ঘ জমানার তো তুলনাই নেই। তাঁর আমলে বাংলা চিহ্নিত হয়েছে ‘সিঙ্গল ইঞ্জিন’ রাজ্য নামে। অর্থাৎ বাংলার জন্য কেন্দ্রীয় বঞ্চনাই দস্তুর। যেমন এই মুহূর্তে নানা খাতে, প্রকল্পে বাংলার প্রাপ্য অর্থ কেন্দ্র আটকে রেখেছে দিল্লি। তার জন্য অজুহাতেরও অন্ত নেই! নবান্নের হিসেবে, কেন্দ্রের কাছে বাংলার ১ লক্ষ ৭০ হাজার কোটি টাকার ন্যায্য প্রাপ্য আটকে রয়েছে। তবে মোদি-শাহের সাধের ‘ডাবল ই঩ঞ্জিন’ রাজ্যগুলিও আর ভালো নেই। বিজেপি/এনডিএ রাজ্য সরকারগুলিকেও শুকিয়ে মারছে দিল্লি। তাই করের ভাগবৃদ্ধির দাবি তুলেছে বাংলার সঙ্গে অন্যরাও। সম্প্রতি কেরল, কর্ণাটক, তামিলনাড়ু ও তেলেঙ্গানা করের ভাগের অন্তত ৫০ শতাংশ প্রদানের দাবিতে সরব হয়েছে। তাদের অর্থমন্ত্রীরা বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছেন, এই দাবি তাঁরা জানাবেন অর্থ কমিশনের কাছে। রিপোর্টে সেমতোই সুপারিশ করতে হবে অর্থ কমিশনকে। পিছিয়ে নেই বিজেপি-শাসিত ওড়িশা, গুজরাত, হরিয়ানাও। অর্থাৎ দিল্লির বিরুদ্ধে বঞ্চনার সুর ‘ডাবল ইঞ্জিন’ সরকারগুলির কণ্ঠেও। তারাও পরিষ্কার করে দিয়েছে, এই অন্যায় বঞ্চনা নিয়ে কেউই আর ‘সংসার’ চালাতে পারছে না। ক্ষমতার বিকেন্দ্রীকরণই যে গণতান্ত্রিক ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর প্রধান অভিমুখ, এই সত্য অস্বীকার করে ভারত কখনোই শক্তিশালী হবে না। দেশের ঐক্য ও সংহতির সৌন্দর্যের জাদুকাঠি অন্য কিছু নয়।
Advertisement
সম্পর্কিত সংবাদ