নিজস্ব প্রতিনিধি, আসানসোল: কেন্দ্রের ‘শ্রম কোড’ মেনে নিলে শ্রমিকদের ১২ ঘণ্টা কাজ করতে হবে। ৩০০ জনের কম কাজ করা শিল্পপ্রতিষ্ঠানে শ্রমিকদের আন্দোলনের অধিকার থাকবে না। এই ইস্যুতে আসানসোল-দুর্গাপুর শিল্পাঞ্চলে সরব সিটু। কিন্তু সিটুর এই আন্দোলনের নৈতিকতা নিয়ে প্রশ্ন তুললেন আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।
বৃহস্পতিবার দুর্গাপুরে সাংবাদিক সম্মেলন করে তিনি বলেন, এখানে শ্রম কোডের মেকি বিরোধিতা করছে সিটু। কেরলে সিপিএমের সরকার কেন্দ্রীয় সরকারের জনবিরোধী ‘শ্রম কোড’ মেনে নিয়েছে। একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা জন্য বিজেপি সারা দেশে শ্রম কোড চালু করতে পারেনি। তিনি জানিয়েছেন, রাজ্যে শ্রমিকদের আন্দোলনের অধিকার কেড়ে দেওয়া শ্রম কোডকে চালু করতে দেবেন না।
বিষয়টি নিয়ে পশ্চিম বর্ধমান সিপিএম জেলা সম্পাদক গৌরাঙ্গ চট্টোপাধ্যায় বলেন, উনি শ্রমিকদের বিভ্রান্ত করছেন। আমি জানি এখান থেকে যাঁরা কেরলে কাজে যান, তাঁরা আট ঘণ্টাই কাজ করেন। ১২ ঘণ্টা কাজ করতে হয় না।
দুর্গাপুরে তৃণমূল কংগ্রেস আইএনটিটিইউসির কোর কমিটি গড়ে দিয়েছে। যার চেয়ারম্যান করা হয়েছে রাজ্য আইএনটিটিইউসির সভাপতি ঋতব্রতকে। তিনি ছাড়া আরও ১১ জন কমিটির সাধারণ সদস্য হিসেবে রয়েছেন। তাঁদের নিয়ে দুর্গাপুরে প্রথম বৈঠক হয় এদিন। উপস্থিত ছিলেন আইএনটিটিইউসির রাজ্য সাধারণ সম্পাদক নরেন্দ্রনাথ চক্রবর্তীও। বৈঠক শেষে রাজ্য সভাপতি জানিয়েছে, দুর্গাপুরের কারখানায় লোক নিয়োগে আইএনটিটিইউসি হস্তক্ষেপ করবে না। আমরা শ্রমিকদের নিরাপত্তা, কর্তৃপক্ষ শ্রমিক বঞ্চনা করছে কি না, তা দেখব। বিশেষ করে দুর্গাপুর শিল্পাঞ্চলে দুর্ঘটনায় একাধিক শ্রমিকের মৃত্যু হয়েছে। তাই কারখানায় শ্রমিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে ম্যানেজমেন্টকে বাধ্য করা হবে। কিন্তু কোনও ভাবেই শ্রম দিবস নষ্ট করে কারখানার উৎপাদনের ক্ষতি করা হবে না। একটি হেল্প লাইন নম্বরও দেওয়া হয়েছে। জানানো হয়েছে, প্রতিটি কারখানার গেটে তা সাঁটানো থাকবে। কোনও নেতার বিরুদ্ধে অভিযোগ থাকলে তাঁরা হোয়াটস অ্যাপের মধ্যে জানানো যাবে।