নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘উন্নয়নশীল’ তকমা ছেড়ে ২০৪৭ সালের মধ্যে আমাদের দেশ উন্নত অর্থনীতির দেশ হবে। অর্থাৎ ‘ধনী’ হবে ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘বিকশিত ভারত’ গড়ার এই স্বপ্ন যে আকাশকুসুম কল্পনামাত্র, তা চুলচেরা বিশ্লেষণ করে বোঝালেন বিশিষ্ট অর্থনীতিবিদ পারাকলা প্রভাকর। কলকাতায় বেঙ্গল প্রভিন্সিয়াল ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন এবং অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স অ্যাসোসিয়েশন আয়োজিত এক স্মারক বক্তৃতায় তিনি বোঝান, সরকারি পৃষ্ঠপোষকতায় যে অর্থনৈতিক ডামাডোল ও কেন্দ্রের চাতুরির মধ্যে দিয়ে দেশ যাচ্ছে, তাতে সংকট গভীর। পাশাপাশি যে পরিসংখ্যান সামনে রেখে অর্থনৈতিক বিকাশের ঢাক পেটাচ্ছে মোদি সরকার, তার কোনো বিশ্বাসযোগ্যতাই নেই বলে দাবি করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের স্বামী প্রভাকর।
এদিন তিনি বলেন, ব্রিটিশ অর্থনীতিকে পিছনে ফেলে ভারত আহ্লাদিত। কিন্তু ইউকে-তে যেখানে মাথাপিছু আয় ৬১ হাজার ডলার, ভারতের ৯০ শতাংশ মানুষের মাথাপিছু আয় ১ হাজার ৩৪৩ ডলার। দেশের ৫৮ শতাংশ সম্পদ ১০ শতাংশ মানুষের হাতে। সর্বত্র বৈষম্য চরমে।
তিনি বলেন, ২০৪৭-এ বিকশিত ভারত হতে গেলে মাথাপিছু আয় আজকের জিনিসপত্রের দামের অঙ্কে চাই চাই ১৪ হাজার ডলারেরও বেশি। তা যে সম্ভব নয়, তার ব্যাখ্যা দিতে গিয়ে প্রভাকর বলেন, এখন দেশে কর্মক্ষম মানুষের সংখ্যা সবচেয়ে বেশি। ২০৪০ সালেই অধিকাংশ মানুষের কাজের বয়স চলে যাবে। তার সাতবছর পর দেশ ধনী হবে, এটা স্বপ্নাতীত। সমাজের প্রতিটি স্তরে যে অর্থনৈতিক বৈষম্য রয়েছে, তা নিয়ে প্রভাকরের খোঁচা, সরকারের নীতি হল, ‘গরিবকে ৫ কিলো বিনামূল্যে চাল দাও, আর আমার বন্ধুকে দাও ৫-টা এয়ারপোর্ট।’ তাঁর দ্বিতীয় তোপ চাকরি নিয়ে। তাঁর কথায়, বেকারত্ব ভয়ংকর জায়গায় পৌঁছেছে। দক্ষতা বৃদ্ধির জন্য বেকার যুবসমাজকে প্রশিক্ষণ দেওয়ার যে ব্যবস্থা রয়েছে, সেখানেও ছত্রে ছত্রে দুর্নীতি করে বসে আছে কেন্দ্রীয় সরকার, বলছে ক্যাগ রিপোর্টই।
কেন্দ্রীয় অর্থমন্ত্রীর স্বামীর কথায়, বিশ্বে সরকারি তথ্যের কোনো বিশ্বাসযোগ্যতা নেই। এখানকার জিডিপির হিসাবের স্বচ্ছতা নেই। আইএমএফ ভারতের সরকারি তথ্যকে ‘সি’ গ্রেড দিয়েছে। প্ল্যানিং কমিশনকে ভেঙে
নীতি আয়োগ করা হয়েছে, কিন্তু গত ১২ বছরে তার করার মতো কিছুই নেই। টাকার মূল্য ধরে রাখতে আরবিআই কাঁড়ি কাঁড়ি ডলার খরচ করছে। তবুও ‘রুপি’ এশিয়ার সবচেয়ে খারাপ কারেন্সি। অথচ সরকার সব দোষ বিশ্বের টালমাটাল পরিস্থিতির ঘাড়ে চাপাচ্ছে, আক্ষেপ প্রভাকরের। শেষে তাঁর সতর্কবার্তা, দেশকে বাঁচাতে হলে আগে সত্যিটা মানতে হবে। প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করে, তথ্য লুকিয়ে, শুধু স্লোগান দিয়ে বিকশিত ভারত হবে না। নিজস্ব চিত্র



