সংবাদদাতা, রায়গঞ্জ: রাস্তা নিয়ে দুই পরিবারের সংঘর্ষে উত্তেজনা ছড়াল রায়গঞ্জের মাড়াইকুড়া গ্রাম পঞ্চায়েতের পদ্মপুকুরে। ঘটনায় দু’পক্ষের চার জন জখম হয়েছেন। তাঁদেরকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাস্তা নিয়ে কুবাজ আলি ও সাদ্দাম হুসেনের পরিবারের লোক বচসায় জড়িয়ে পড়ে। পরে দু’পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এতে কুবেজ আলি ও তাঁর স্ত্রী খাতুনা বেগম, সাদ্দাম হুসেন ও তাঁর স্ত্রী কুলসুম খাতুন জখম হয়েছেন। কুবেজ বলেন, বৃহস্পতিবার রাতে ধান বোঝাই ভ্যান নিয়ে গেলে রাস্তার মাটি উঠে যায়। তা পরে ঠিক করে দিই। এরপর এদিন সকাল থেকেই সাদ্দাম রাস্তা নিয়ে গালাগালি করতে থাকে। আমার স্ত্রী বাড়িতে একাই ছিল। প্রতিবাদ করতে গেলে সেসময় স্ত্রীর উপর চড়াও হয়ে মারধর করে সাদ্দাম। আমি খবর পেয়ে বাড়ি এসে সাদ্দামকে আটকালে আমার চোখে ও মুখে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। অন্যদিকে, সাদ্দাম বলেন, এদিন কোনো কারণ ছাড়াই কবুজের বাড়ির লোক আমার বাড়িতে এসে হামলা চালায়। আমার স্ত্রীকে ব্যাপক মারধর করে। এই ঘটনায় দু’পক্ষই রায়গঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছে। রায়গঞ্জ থানার আইসি বিশ্বাশ্রয় সরকার বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।



