নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: গত শনিবার বারাকপুরের আনন্দপুরী মাঠে কর্মিসভা করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পালটা ১১ ফেব্রুয়ারি ওই মাঠেই তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির সম্মেলন করতে চেয়ে সেনাকে চিঠি দেওয়া হল। চিঠি দেওয়া হয় বারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ডের সিইওকে। তবে সোমবার বিকেল পর্যন্ত অনুমতি আসেনি বলে তৃণমূল সূত্রে জানা গিয়েছে।
বারাকপুর স্টেশনের সামনে আনন্দপুরী মাঠ সেনার দখলে রয়েছে। স্থানীয় সাংসদ পার্থ ভৌমিকের অভিযোগ, ওই মাঠে আগে সরস্বতী পুজো হতো, বড় মেলা হতো। সেনা সব বন্ধ করে দিয়েছে। অথচ সেই মাঠেই হ্যাঙ্গার টাঙিয়ে বিজেপির সভা হল। তাহলে তৃণমূল সভা করতে চাইলে অনুমতি দেওয়া হবে না কেন?
আইনটিটিইউসির দমদম বারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি বিধায়ক সোমনাথ শ্যাম বলেন, ১১ ফেব্রুয়ারি আইএনটিটিইউসির কর্মী সম্মেলন হবে। তার অনুমতি দেওয়ার জন্য মেইল পাঠানো হয়েছে। বিজেপিকে কর্মিসভার অনুমতি দেওয়া হয়েছে যখন, আমাদের কর্মী সম্মেলনকেও অনুমতি দিতে হবে। মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে যাওয়ার জন্য আউটডোর সভা করা যাবে না। তাই ইন্ডোর কর্মী সম্মেলন হবে।