বিল্ডিং ফি বাবদ রাজস্ব কমেছে ৯২ কোটির বেশি
  • ২৫ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

অর্ক দে, কলকাতা: বিভিন্ন নির্মাণের নকশা অনুমোদন বাবদ নির্দিষ্ট ফি পায় কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগ। বড়ো নির্মাণের ক্ষেত্রে মোটা টাকা ফি পাওয়া যায়। সেই সঙ্গে অবৈধ নির্মাণ আইন অনুযায়ী ‘রেগুলারাইজড’ করেও ভালো অঙ্কের টাকা আসে পুর-কোষাগারে। কিন্তু বর্তমানে এই প্রক্রিয়া প্রায় বন্ধ। রেগুলারাইজেশনের ফাইল নড়ছে না বলেই অভিযোগ। আবার গত প্রায় ১০ মাস ধরে বন্ধ ছিল মিউনিসিপ্যাল বিল্ডিং কমিটির (এমবিসি) বৈঠক। ফলে বড়ো বড়ো নির্মাণ থেকে মোটা টাকা ফি আদায় করা যায়নি। সব মিলিয়ে ধাক্কা খেয়েছে কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের আয়। এখন যা পরিস্থিতি, তাতে গত বছরের তুলনায় চলতি বছর এখনো পর্যন্ত বিল্ডিং খাতে রাজস্ব কমেছে ৯২ কোটি টাকার বেশি। চলতি অর্থবর্ষ (২০২৬-২৭) শেষে এই ঘাটতি কতটা মেটানো যাবে, তা নিয়ে সন্দিহান  পুরকর্তারা। 

Advertisement

শহরে কোনো বড়ো নির্মাণের অনুমোদন দেওয়ার ক্ষেত্রে এমবিসির বৈঠক বাধ্যতামূলক। কিন্তু নির্বাচনি আচরণবিধিসহ নানা কারণে গত ফেব্রুয়ারি-মার্চ থেকে অক্টোবর পর্যন্ত এমবিসির বৈঠক বন্ধ ছিল। ভোটপর্ব মিটলেই এই বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু পালাবদলের পর পুরবোর্ড ভেঙে যাওয়া, পরবর্তী সময়ে তারাতলায় গোডাউন বিপর্যয়ের কারণে পরিস্থিতি আরও জটিল হয়। তারাতলায় গোডাউন বিপর্যয়ের প্রেক্ষিতে শহরের নির্মীয়মাণ ভবনগুলির ‘সেফটি অডিট’ চলে বহুদিন ধরে। এমবিসি বৈঠক না করার জন্য পুর কর্তৃপক্ষ এই ‘অজুহাত’ দিচ্ছিল বলে অভিযোগ। বর্তমানে সেই জটিলতাও কেটেছে। নভেম্বরে এমবিসির একটি বৈঠক হয়েছে। কিন্তু, প্রায় ১০ মাস এমবিসি বন্ধ থাকা, রেগুলারাইজেশন না হওয়া, অন্যান্য ক্ষেত্রেও বিল্ডিং প্ল্যানের অনুমোদন সেভাবে না হওয়ার ফলে বিল্ডিং ফি থেকে পুরসভার আয় জোরালোভাবে ধাক্কা খেয়েছে। সূত্রের খবর, গত অর্থবর্ষের (২০২৫-২৬) এই সময়কালে (১ এপ্রিল থেকে ২৩ নভেম্বর) বিল্ডিং বিভাগের আয় হয়েছিল ২১৭ কোটি টাকার বেশি। সেখানে চলতি আর্থিক বছরে (২০২৬-২৭) একই সময়কালে বিল্ডিং খাতে আয় হয়েছে ১২৫ কোটি টাকা। বিল্ডিং বিভাগের কর্তারা জানাচ্ছেন, গত বছর সব মিলিয়ে ৪১১ কোটি টাকার বেশি রাজস্ব আদায় হয়েছিল এই খাতে। সেখানে এখনও ১২৫ কোটিও পেরয়নি। আর্থিক বছরে শেষ হতে আর মাস চারেক বাকি। সেখানে এখন এমবিসি করে বড়ো বড়ো নির্মাণে অনুমোদন দিলেও সেই প্রক্রিয়া শেষ হয়ে বিল্ডিং ফি পুর-কোষাগারে ঢুকতে অনেকটা সময় লাগবে। ফলে চলতি আর্থিক বছরের মধ্যে তা কতটা হবে, সন্দেহের যথেষ্ট কারণ আছে। সেই কারণে চিন্তা বাড়ছে পুর-বিল্ডিং বিভাগের কর্তাদের।