নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: আরামবাগ গার্লস কলেজের অধ্যক্ষের পদ থেকে অবসর নিলেন সৈয়দ সাজিদুল ইসলাম। শনিবার তাঁকে কলেজের তরফে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। এদিন কলেজের পরিচালন কমিটি, অধ্যাপক-অধ্যাপিকা, শিক্ষাকর্মী ও ছাত্রীরা সাজিদুল সাহেবকে সংবর্ধনা দেন।
নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: আরামবাগ গার্লস কলেজের অধ্যক্ষের পদ থেকে অবসর নিলেন সৈয়দ সাজিদুল ইসলাম। শনিবার তাঁকে কলেজের তরফে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। এদিন কলেজের পরিচালন কমিটি, অধ্যাপক-অধ্যাপিকা, শিক্ষাকর্মী ও ছাত্রীরা সাজিদুল সাহেবকে সংবর্ধনা দেন।
২০০৯সালের ২৮জানুয়ারি সাজিদুল সাহেব গার্লস কলেজে যোগ দিয়েছিলেন। এদিন তিনি অবসর নেন। শনিবার কলেজের তরফে তাঁকে মানপত্র সহ বিভিন্ন উপহার দেওয়া হয়। সেইসঙ্গে সাজিদুল সাহেবের কর্মজীবন নিয়ে আলোচনাও করা হয়। এদিন বিদায়ী সংবর্ধনায় পরিচালন সমিতির সভাপতি তথা আরামবাগ পুরসভার কাউন্সিলার স্বপন নন্দী, কলেজের নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ অনন্যা বর্ধন সহ অন্যরা উপস্থিত ছিলেন।
স্বপনবাবু বলেন, হুগলি জেলার মধ্যে আমাদের কলেজ মহিলাদের শিক্ষাদানে যথেষ্ট অগ্রণী ভূমিকা পালন করে এসেছে। পিছিয়ে পড়া পরিবারের ছাত্রীরাও এখানে পড়ার সুযোগ পান। হুগলি ছাড়াও বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে ছাত্রীরা আসেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কলেজের সার্বিক উন্নয়নে টাকাও বরাদ্দ করেছেন। সাজিদুল সাহেব বলেন, কর্মজীবনে প্রত্যেকের সহযোগিতা পেয়েছি। তাই সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আগামী দিনে কলেজ আরও সফল হোক-সেই কামনা করি। ছাত্রীরা যে উদ্দেশ্য নিয়ে কলেজে পড়তে আসছেন, তাতে যেন তাঁরা সফল হন। আরামবাগ গার্লস কলেজে শুধুমাত্র কলাবিভাগে পড়ার সুযোগ রয়েছে। বাংলা, ইংরেজি, ইতিহাস, রাষ্ট্র বিজ্ঞান, সোশিওলজি, ভূগোল, এডুকেশন, সংস্কৃত, ফিজিক্যাল এডুকেশন, ফিলোসজির মতো বিষয় মেজর নিয়ে পড়ার ব্যবস্থা রেখেছে কলেজ কর্তৃপক্ষ। আগামী দিনে আরও কিছু বিভাগ চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।