Bartaman Logo
৬ জুন, ২০২৬

বেপরোয়া গতির বলি অবসরপ্রাপ্ত সেনা অফিসার

স্বাধীনতা দিবসে সাইক্লিংয়ে বেরিয়েছিলেন অবসরপ্রাপ্ত সেনা অফিসার।

বেপরোয়া গতির বলি অবসরপ্রাপ্ত সেনা অফিসার
  • ১৭ আগস্ট, ২০২৫ ০৪:০০

জয়পুর ও নয়াদিল্লি: স্বাধীনতা দিবসে সাইক্লিংয়ে বেরিয়েছিলেন অবসরপ্রাপ্ত সেনা অফিসার। তখনই তীব্রগতির এসইউভি তাঁকে ধাক্কা মেরে অন্তত ১০ ফুট হিঁচড়ে নিয়ে যায়। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁর মৃত্যু হয়। রাজস্থানের চিত্রকূট স্টেডিয়ামের কাছে ভয়াবহ এই ঘটনা ঘটে। মৃত সেনা অফিসারের নাম ক্যাপ্টেন নারসা রাজ জাজরা। গোটা ঘটনা রাস্তার সিসি ক্যামেরায় ধরা পড়েছে। তাতে দেখা যাচ্ছে, ধাক্কা মারার পর জাজরা মাটিতে লুটিয়ে পড়েছেন। রক্তে ভেসে যাচ্ছে গোটা এলাকা। ধাক্কা মারার পর ঘাতক ওই গাড়ির চালক অপেক্ষা না করে দ্রুতগতিতে এলাকা ছেড়ে পালায়। 

Advertisement

সিসি ক্যমেরার ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে। পুলিস জানিয়েছে, জাজরা নিয়মিত সকালবেলা সাইকেল চালাতেন। ১৫ আগস্টও তার ব্যতিক্রম হয়নি। সেই রুটিনই তাঁর প্রাণ কেড়ে নিল। পুলিস মনে করছে, ঘাতক গাড়ির চালক মদ্যপ অবস্থায় ছিলেন।  
অন্যদিকে দিল্লির মোতিবাগ এলাকাতেও গতির বলি ৪০ বছরের এক যুবক। শুক্রবার রাতে ওই দুর্ঘটনা ঘটে। তিনি আদতে উত্তরপ্রদেশের বাসিন্দা। দিল্লিতে কাজের সূত্রে এসেছিলেন। তিনি বাইকে হেলান দিয়ে রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন। তখনই দ্রুতগতিতে একটি এসইউভি এসে তাঁকে পিষে দেয়। পুলিস ঘাতক গাড়ির চালককে গ্রেপ্তার করেছে।

সম্পর্কিত সংবাদ