মুম্বই, ১৩ নভেম্বর: গত কয়েক মাস ধরেই নিম্নমুখী খুচরো মুদ্রাস্ফীতি। জিএসটি হ্রাস এবং সবজি ও ফলমূলের পড়তি দাম প্রভাব ফেলেছে মুদ্রাস্ফীতিতে। গত অক্টোবরে যা দাঁড়িয়েছে ০.২৫ শতাংশ। এই হার ২০১২ সালের পর সর্বনিম্ন। এই পরিস্থিতিতে ক্রমশ চড়া হচ্ছে রিজার্ভ ব্যাঙ্কের সুদ কমানোর সম্ভাবনা।
আগামী ডিসেম্বরে রিজার্ভ ব্যাঙ্কের মনিটারি পলিসি কমিটির (এমপিসি) পরবর্তী বৈঠক। বিশেষজ্ঞদের একাংশের মতে, এটি সুদ কমানোর আদর্শ সময় রিজার্ভ ব্যাঙ্কের কাছে। যদিও দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক সেই ঝুঁকি নিতে চাইবে কি-না, তা নিয়ে আবার সন্দিহান অনেকে। এর কারণ হিসেবে তাঁরা মূলত দু’টি বিষয় তুলে ধরেছেন। এক, ক্রমাগত আর্থিক বৃদ্ধি। দুই, ঋণ বাজারে অস্থিরতা। যে কারণে ঋণ নীতি নির্ধারণে আরও কিছুটা ধৈর্য ধরতে পারে বলে তাঁদের অভিমত।