Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

গ্রামে ঢোকে না অ্যাম্বুলেন্স ভাঙা রাস্তায় পাথর বিছালেন বাসিন্দারা

প্রশাসন এবং জনপ্রতিনিধিদের প্রতি আস্থা হারিয়ে নিজেরা উদ্যোগ নিয়ে রাস্তার উপর পাথর ফেলছেন গ্ৰামবাসী

গ্রামে ঢোকে না অ্যাম্বুলেন্স ভাঙা রাস্তায় পাথর বিছালেন বাসিন্দারা
  • ২৮ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, হলদিবাড়ি: প্রশাসন এবং জনপ্রতিনিধিদের প্রতি আস্থা হারিয়ে নিজেরা উদ্যোগ নিয়ে রাস্তার উপর পাথর ফেলছেন গ্ৰামবাসী। মঙ্গলবার হলদিবাড়ি ব্লকের পারমেখলিগঞ্জ গ্ৰাম পঞ্চায়েতের রায়পাড়ার বাসিন্দারা এই উদ্যোগ নেন। 

Advertisement

ওই গ্ৰামে ঢোকার একমাত্র রাস্তাটি বর্ষাকালে বেহাল হয়ে পড়ে। এতেই সমস্যার সম্মুখীন হন বাসিন্দারা। বর্ষায় বাড়ি থেকে বাইক বা টোটো বের করতে পারেন না। কিন্তু তবুও এই রাস্তা সংস্কার হয় না। বাধ্য হয়ে এদিনের দুপুরে বেহাল রাস্তায় পাথর ফেলেন গ্ৰামবাসী। স্থানীয়দের অভিযোগ, স্বাধীনতার পর থেকে একবারও রাস্তাটি সংস্কার করা হয়নি। ফলে বর্ষাকাল এলেই সমস্যায় পড়তে হয় গ্ৰামবাসীদের। রাস্তায় ঢোকে না অ্যাম্বুলেন্স থেকে শুরু করে দমকলের গাড়ি। প্রধান রাস্তায় গাড়ি রেখে ২০০মিটার হেঁটে গ্ৰামে প্রবেশ করতে হয়। একাধিকবার গ্ৰাম পঞ্চায়েত ও ব্লক প্রশাসনকে জানিয়েও কোনও সুরাহা হয়নি। 
এবিষয়ে স্থানীয় বাসিন্দা অপু রায় ও কানাই রায় জানান, দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল দশা। বর্ষা এলে রাস্তার মধ্যে জলকাদা জমে যায়। এর আগে বেশ কয়েকবার আন্দোলন করেছি তারপর রাস্তার কাজ হয়নি। ফলে প্রশাসন ও রাজনৈতিক দলের নেতাদের উপর থেকে আস্থা হারিয়েছি।  কোনও ব্যক্তি অসুস্থ হলে কাঁধে করে রাস্তায় নিয়ে গিয়ে অ্যাম্বুলেন্সে তুলে দিতে হয়। তাই বাধ্য হয়ে সকল গ্ৰামবাসীদের কাছ থেকে চাঁদা তুলে রাস্তায় পাথর বিছানো হল।
এবিষয়ে পারমেখলিগঞ্জ গ্ৰাম পঞ্চায়েতের প্রধান রমানাথ বর্মন জানান, রায়পাড়া এলাকার রাস্তার বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তবে খুব শীঘ্রই রাস্তার কাজ শুরু করা হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ