নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় গ্যাসের সংযোগ পেতে বিভিন্ন শর্ত বেঁধে দিয়েছে কেন্দ্র। ওই সমস্ত শর্ত মেনে শেষ অবধি কতজন সংযোগ পাবেন, তা নিয়ে সংশয় রয়েছে। সেকারণে নতুন করে উজ্জ্বলা যোজনার ফর্ম দেওয়া হলেও উপভোক্তাদের মধ্যে সেই আগ্রহ নেই। প্রতিটি জেলায় উজ্জ্বলা যোজনায় গ্যাসের সংযোগ দেওয়ার প্রক্রিয়া শুরু করতে বলা হয়েছে। জনকল্যাণ শিবিরে এই ফর্ম মিলছে।
ফর্মে বলা হয়েছে, যে ঠিকানা দিয়ে সংযোগ নেওয়া হবে, সেখানেই গ্যাস সিলিন্ডার ব্যবহার করতে হবে। পরিবারের কারো নামে গ্যাসের সংযোগ থাকলে উজ্জ্বলা যোজনার সুবিধা পাওয়া যাবে না। পাসবুক, আধার কার্ড, রেশন কার্ডের পাশাপাশি বিদ্যুৎ বিল জমা করতে হবে। এছাড়া, সম্পত্তি করের নথি, বিমা পলিসিও আবেদনপত্রের সঙ্গে জমা দেওয়া আবশ্যক। এসমস্ত নথি ছাড়া মুচলেকাও জমা করতে হবে। রাজ্যে ২৫লক্ষ বাড়িতে নতুন করে গ্যাসের সংযোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে জেলাস্তরে কোনো টার্গেট বেঁধে দেওয়া হয়নি। যোগ্য নথি দিয়ে যাঁরা আবেদন করবেন, তাঁরাই সুবিধা পাবেন। পরিবারের আয় দেখে সংযোগ দেওয়া হবে।
এক গ্যাস ডিলার বলেন, মাঝে বহুদিন এই প্রকল্পে সংযোগ দেওয়া হয়নি। তবে এখন আবেদন করার পর সংযোগ পেতে সমস্যা হবে না। উপভোক্তাদের অনেকেই বলছেন, যেভাবে গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে গিয়েছে, তাতে অভাবী পরিবারের পক্ষে সিলিন্ডার ব্যবহার মুশকিল হয়ে পড়েছে। যাঁরা আগে উজ্জ্বলা যোজনায় সংযোগ পেয়েছিলেন, তাঁদের অনেকেই এখন উনুনে হাঁড়ি চড়াচ্ছেন। সিলিন্ডারের দাম কমানো হলে সবাই উপকৃত হবেন।
বিভিন্ন প্রকল্পের সুবিধা দিতে সোমবার থেকেই জেলাজুড়ে জনকল্যাণ শিবির শুরু হয়েছে। প্রথমদিনই এসমস্ত শিবিরে ভিড় উপচে পড়ে। বিধায়করা বিভিন্ন শিবিরে হাজির ছিলেন। গলসির বিধায়ক রাজু পাত্র বলেন, কেন্দ্রীয় সরকারের নানা প্রকল্প আগের রাজ্য সরকার চালু করতে দেয়নি। এখন ক্যাম্পে এসে সেই সমস্ত প্রকল্পের আবেদন করা যাবে। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের ফর্মও এখানে পাওয়া যাচ্ছে। কেন্দ্র ও রাজ্য সরকার চায়, মা বোনেরা কষ্ট করে উনুনে নয়, গ্যাস ওভেনে রান্না করুন। সেকারণেই প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার ফর্ম দেওয়া হচ্ছে। নির্দিষ্ট তথ্য দিয়ে আবেদন করলেই সংযোগ পাওয়া যাবে।
বর্ধমান টাউন হল ময়দানে জনকল্যাণ শিবির।-নিজস্ব চিত্র