Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ফোনে কথা বলতে ছুটতে হয় এক কিমি দূরে, তিতিবিরক্ত পেঁচালিয়ার বাসিন্দারা

এই ডিজিটাল যুগেও খয়রাশোল ব্লকের বাবুইজোড় পঞ্চায়েতের পেঁচালিয়া গ্রামে মেলে না মোবাইল ফোনের নেটওয়ার্ক।

ফোনে কথা বলতে ছুটতে হয় এক কিমি দূরে, তিতিবিরক্ত পেঁচালিয়ার বাসিন্দারা
  • ২৩ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, সিউড়ি: এই ডিজিটাল যুগেও খয়রাশোল ব্লকের বাবুইজোড় পঞ্চায়েতের পেঁচালিয়া গ্রামে মেলে না মোবাইল ফোনের নেটওয়ার্ক। গ্রাম থেকে এক কিলোমিটার দূরে একটি আমবাগানে গেলে তবেই নেটওয়ার্ক পাওয়া যায়। ফলে চূড়ান্ত দুর্ভোগে গ্রামের মানুষ। কেউ অসুস্থ হলে অ্যাম্বুলেন্স ডাকতেও ছুটতে হয় এক কিলোমিটার দূরের আমাবাগানে। শিক্ষকরা স্কুল সংক্রান্ত কোনও মেসেজ দিনের দিন পান না। সবমিলিয়ে যোগাযোগের ব্যাপারে একেবারে অর্ধ শতাব্দী পিছিয়ে এই গ্রাম। বিভিন্ন নেটওয়ার্ক প্রদানকারী সংস্থাকে জানিয়েও কাজ হয়নি। 

Advertisement

আশাকর্মী অর্পিতা লাহা বলেন, ইন্টারনেট দূর অস্ত। এলাকায় ফোনের নেটওয়ার্কই থাকে না। ফলে কাজের জন্য কেউ যোগাযোগ করতে পারে না। সঠিক সময়ে খবর পাই না। গ্রাম থেকে কেবল ফোনে কথা বলতে গেলে যেতে হয় প্রায় এক কিলোমিটার দূর। পেঁচালিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তীর্থময় মণ্ডল জানান, নেটওয়ার্ক না থাকায় কাজে প্রচণ্ড সমস্যা হয়। স্কুলের কাজের জন্য কোনও বিজ্ঞপ্তি এলে আমরা সময়ে জানতে পারি না। স্কুল শেষ করে যখন বাড়ি ফিরি তখন সেই বিজ্ঞপ্তিটা পাই। ফলে যেদিন বিজ্ঞপ্তি এসেছে সেইদিন পড়ুয়াদের আমরা জানাতে পারি না। এমনকী মিড ডে মিলের মেসেজও সঠিক সময়ে পাঠানো যায় না। 
পেঁচালিয়া গ্রামটি ঝাড়খণ্ড সীমানা লাগোয়া। প্রত্যন্ত এলাকায় অবস্থানের জন্য নেটওয়ার্কের এমন অবস্থা। স্থানীয় বাসিন্দা পবিত্র মণ্ডল বলেন, এই সমস্যার সমাধান হওয়া দরকার। একই কথা শোনা গিয়েছে ওই এলাকার আরেক বাসিন্দা ভক্তহরি মণ্ডলের গলায়। তিনি বলেন, এখন অনেক অফিসিয়াল কাজ  মোবাইল কিম্বা ইন্টারনেটের মাধ্যমে হয়ে থাকে। কিন্তু বাড়িতে আমরা সেই সব কিছুই করতে পারি না। এই সমস্যার সমাধান হওয়া উচিত। 
বাবুইজোড় পঞ্চায়েতের উপপ্রধান পার্থসারথি গড়াই বলেন, এলাকায় নেটওয়ার্ক সমস্যা আছে। মানুষকে সমস্যায় পড়তে হয় এটা সত্যি। আমি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব। খয়রাশোল ব্লকের বিডিও সৌমেন্দু গঙ্গোপাধ্যায় বলেন, এরকম অভিযোগ আমার কাছে নেই। এলে নিশ্চয় প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

Advertisement
সম্পর্কিত সংবাদ