সংবাদদাতা, মানকর: বেহাল রাস্তা সংস্কারের দাবিতে বৃহস্পতিবার গলসি-১ ব্লকের পোতনা পুরষা গ্রাম পঞ্চায়েতে ডেপুটেশন জমা দিলেন এলাকার বাসিন্দারা। তাঁদের অভিযোগ, পুরষার পাঁচপাড়া এলাকার রাস্তা বেহাল হয়ে রয়েছে। একাধিকবার নেতাদের জানিয়েও কোনও লাভ হয়নি। জানা গিয়েছে, গ্রামের এই রাস্তা সংস্কারের দাবি দীর্ঘদিনের। টানা বৃষ্টির জেরে বর্তমানে রাস্তার অবস্থা খুবই খারাপ। কাদা হয়ে জল জমে গিয়েছে। রাস্তার বেহাল দশার জন্য প্রায়ই দুর্ঘটনা ঘটছে। রাতের অন্ধকারে পথ চলতে গিয়ে অনেকেই জখম হচ্ছেন। এদিন এলাকার বাসিন্দারা পঞ্চায়েতের কাছে রাস্তা সংস্কারের জন্য ডেপুটেশন দিয়েছেন। তাঁরা দাবি করেন, ২০০৯ সালে শেষবার লাল মোরাম দেওয়া হয়েছিল। তারপর ওই রাস্তায় আর কোনও সংস্কারের কাজ হয়নি। এলাকার বাসিন্দা সেখ দোলন, সেখ টুটুলরা বলেন, ১৯ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণ হচ্ছে। ফলে পড়ুয়ারা এখন পাঁচপাড়ার রাস্তা ব্যবহার করে স্কুলে যাচ্ছে। কিন্তু রাস্তার বেহাল দশার জন্য পড়ুয়াদের যাতায়াতে সমস্যা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে সমস্যা হচ্ছে। টোটো সহ কোনও গাড়িই বেহাল রাস্তার জন্য এলাকায় আসতে চাইছে না। তাঁরা বলেন, সামান্য বৃষ্টি হলেই রাস্তা কাদায় ভরে যাচ্ছে। জল কাদা পেরিয়ে আমাদের বাইরে যেতে হচ্ছে। রাস্তা জুড়ে গর্ত তৈরি হয়েছে। তবুও প্রশাসনের হেলদোল নেই। এদিন সেখ নাসিরউদ্দিন বলেন, রাস্তাঘাটের বেহাল অবস্থা দেখা নেতাদের কাজ। সংস্কারের কাজের বিষয়টি তাঁদের লক্ষ্য রাখার কথা। আগামীতে রাস্তার সুরাহা না হলে বৃহত্তর আন্দোলন হবে।



