নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য প্রশাসনে প্রধান সচিব সহ বিভিন্ন পদে আইএএস, আইএফএস আধিকারিকদের বেশ কিছু রদবদল হয়েছে। বনদপ্তরের প্রধান সচিব হলেন আইএফএস আধিকারিক দেবল রায়। তিনি একই সঙ্গে প্রিন্সিপাল চিফ কনজারভেটার অব ফরেস্ট পদে থাকছেন। বনদপ্তরের প্রধান সচিব ছিলেন আইএএস আধিকারিক মনোজ আগরওয়াল। তিনি কয়েকদিন আগে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দায়িত্ব নিয়েছেন। মনোজ আগরওয়াল বিপর্যয় ব্যবস্থাপনা ও সিভিল ডিফেন্স দপ্তরেরও প্রধান সচিব ছিলেন। ওই দপ্তরের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে রাজেশকুমার সিনহাকে। তিনি আবাসন, ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের প্রধান সচিবের দায়িত্বে আছেন। খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যানপালন দপ্তরের সচিব স্মারকি মহাপাত্রকে ওয়েস্ট বেঙ্গল মিনারেলস ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেডিং কর্পোরেশনের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। দীপিকা স্যানামাথ গ্রন্থাগার ও জনশিক্ষা দপ্তরের সচিব হলেন। তিনি কৃষিদপ্তরে সচিব পদে ছিলেন। শিল্প দপ্তরের সচিব পি মোহনগান্ধী ইনস্টিটিউট অব এনভায়রনমেন্টাল স্টাডিজ ও ওয়েটল্যান্ড ম্যানেজমেন্টের ডিরেক্টরের অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন। আইজি রেজিস্ট্রেশন ও স্ট্যাম্প ডিউটি কমিশনার হলেন অর্থদপ্তরের সিনিয়র বিশেষ সচিব পবন কাদিয়ান। রদবদল সংক্রান্ত বিজ্ঞপ্তি বুধবার জারি করেছে কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তর।



