Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

‘বর্তমানে’র খবরের জের:

শান্তিনিকেতনের শ্যামবাটি লাগোয়া প্রান্তিক বাইপাসের খানাখন্দ বোজানোর কাজ শুরু করল পূর্ত ও সড়ক দপ্তর। ‘বেহাল দশায় প্রান্তিক বাইপাস, সোনাঝুরি ও ফুলডাঙার রাস্তা।

‘বর্তমানে’র খবরের জের:
  • ২৫ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বোলপুর: শান্তিনিকেতনের শ্যামবাটি লাগোয়া প্রান্তিক বাইপাসের খানাখন্দ বোজানোর কাজ শুরু করল পূর্ত ও সড়ক দপ্তর। ‘বেহাল দশায় প্রান্তিক বাইপাস, সোনাঝুরি ও ফুলডাঙার রাস্তা। নিয়মিত দুর্ঘটনার কবলে পড়ছেন মানুষ।’ শীর্ষক প্রতিবেদনটি রবিবার ‘বর্তমান’ পত্রিকায় প্রকাশিত হতেই নড়েচড়ে বসে পূর্ত ও সড়ক দপ্তর। তারপরই বাইপাসের বিভিন্ন প্রান্তে খানাখন্দ বোজানোর কাজ শুরু করেছে সংশ্লিষ্ট দপ্তর। আর তাতেই ওই এলাকার বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরেছে।

Advertisement

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে বোলপুরের বেশকিছু গুরুত্বপূর্ণ রাস্তা বেহাল অবস্থায় রয়েছে। বর্ষা আসতেই রাস্তায় গর্তে জল জমে যাওয়ায় চলাচল করতে দুর্ভোগে পড়ছেন এলাকাবাসী মানুষজন। বোলপুরের চিত্রা মোড় থেকে মকরমপুর বনডাঙা হয়ে লাভপুর পর্যন্ত রাস্তার সংস্কারের কাজ শম্বুকের গতিতে চলছে। দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকে গেলেও রাস্তার কাজ শেষ হয়নি। ফলে, প্রায় তিন বছর ধরে ভোগান্তির শিকার স্থানীয়রা। তার মাঝে নতুন করে শান্তিনিকেতনের প্রান্তিক বাইপাস, সোনাঝুরি খোয়াই ও ফুলডাঙার রাস্তার অবস্থাও দিন দিন খারাপ হচ্ছে। শান্তিনিকেতন বর্তমানে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্গত। জেলা প্রশাসনের কাছে যা অত্যন্ত গৌরবময় বিষয়। তবে শহরবাসীর অভিযোগ, প্রশাসনের গুরুত্বপূর্ণ দপ্তর পূর্ত ও সড়ক বিভাগ এবিষয়ে সম্পূর্ণ উদাসীন। রাস্তাগুলি খানাখন্দে ভরে যাওয়ায় বিভিন্ন জায়গায় মরণফাঁদ তৈরি হয়েছে। মাঝেমধ্যেই ছোট বড় দুর্ঘটনা ঘটছে। অথচ সেবিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলির নজর নেই বলে অভিযোগ।
তিনটি গুরুত্বপূর্ণ রাস্তার মধ্যে অন্যতম প্রান্তিকের বাইপাস। এই রাস্তাটির দৈর্ঘ্য ১.৪ কিলোমিটার। দু’লেনের রাস্তাটি পূর্ত ও সড়ক দপ্তরের(পিডব্লুডি) বীরভূম-২ ডিভিশনের অন্তর্গত। অভিযোগ, নির্মাণের পর থেকে একবারও সংস্কার না হওয়ায় রাস্তায় ছোট বড় গর্ত তৈরি হয়েছে। বিশেষত, সেচদপ্তরের সরকারি গেস্ট হাউসের সামনে বিশাল গর্তে পড়ে প্রায় প্রতিদিন মানুষ দুর্ঘটনার কবলে পড়ছে। তাতে প্রাণ সংশয়ের আশঙ্কাও রয়েছে। এই খবর প্রকাশিত হতেই পূর্ত ও সড়ক দপ্তর ওই রাস্তা সংস্কারের উদ্যোগ নিল। সোমবার থেকেই সংস্কারের কাজ শুরু হয়েছে।
পিডব্লুডির অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অর্জুন ভৌমিক বলেন, ১০দিনের মধ্যে বাইপাসের গর্তগুলি বুজিয়ে প্রাথমিক সংস্কার করা হবে। সেইমতো প্রাথমিকভাবে পাথর দিয়ে গর্ত বোজানোর কাজ শুরু হয়েছে। বৃষ্টি থামলেই সেগুলিতে পিচ ঢালা হবে। সমস্ত রাস্তাটি সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ডিটেলস প্রজেক্ট রিপোর্ট পাঠানো হয়েছে। তাতে খরচ পড়বে প্রায় ৮০ লক্ষ টাকা। ‌সেই টাকা বরাদ্দ হলে দুর্গাপুজোর পরই সংস্কারের কাজ শুরু করা হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ