সংবাদদাতা, গঙ্গারামপুর: পুনর্ভবা নদীর বাঁধ সংস্কারে হাত দিয়েছে জেলা সেচদপ্তর। ১৬ আগস্ট রাতে গঙ্গারামপুরের নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের যাদববাটি এলাকায় বাঁধ ভেঙে পুনর্ভবা নদীর জল ঢুকে পড়ে চাষের জমিতে। পূর্ব যাদববাটি ও ঝাড়তলা এলাকায় সাধারণ মানুষের বাড়িতে জল ঢুকে পড়ে। পরিস্থিতি কিছুটা উন্নতি হতেই বাঁধ সংস্কারের কাজ শুরু করেছে সেচদপ্তর। যাদববাটি এলাকায় ইউক্যালিপ্টাস গাছের গুঁড়ি দিয়ে পাইলিং করা হচ্ছে। প্রায় ২৮ মিটার বাঁধের মেরামত চলছে। কয়েকদিনের মধ্যেই বাঁধের কাজ শেষ হবে।
নতুন করে জেলায় সেভাবে বৃষ্টি না হওয়ায় নদীর জল নামতে শুরু করেছে চাষের জমি থেকে। ভয়ের পরিস্থিতি কাটলেও আতঙ্কে রয়েছেন স্থানীয়রা। জেলা সেচদপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, গঙ্গারামপুর যাদববাটি এলাকায় আমাদের তত্ত্বাবধানে থাকা কোনও বাঁধ ভাঙেনি। স্থানীয় একটি বাঁধ ভেঙে পুনর্ভবা নদীর জল ঢুকে পড়ে এলাকায়। বিপর্যয়ের কারণে যুদ্ধকালীন তৎপরতায় দপ্তরের নির্দেশে আমরা সেই বাঁধের কাজ করছি। কয়েকদিনের মধ্যেই সেই কাজ শেষ হবে।
গঙ্গারামপুরের বিডিও অর্পিতা ঘোষাল বলেন, পুনর্ভবা নদীর জলে প্লাবিত হয়েছিল নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা। চাষের জমিতে জল ঢুকেছে। কিছু বাড়িতেও জল ঢুকেছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ভাঙা বাঁধের মেরামত চলছে। আশা করা যায়, নতুন করে বিপদের কোনও সম্ভাবনা নেই। স্থানীয় বাসিন্দা নিমাই রায় বলেন, বর্ষা এলেই গঙ্গারামপুর ব্লকে বাঁধ ভাঙার ঘটনা সামনে আসে। কখনও নন্দনপুর, কখনও বেলবাড়ি এলাকায় বাঁধ ভাঙে। আমরা বোল্ডারের বাঁধ চাই। যাদববাটিতে বাঁধ মেরামতের কাজ চলছে।-নিজস্ব চিত্র