Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বিপর্যয় মোকাবিলার ত্রিপল সহ কোটি টাকার ত্রাণসামগ্রী উধাও

বিপর্যয় মোকাবিলা দপ্তরের পাঠানো প্রায় দু’লক্ষ ত্রিপলের হদিশ মিলছে না বলে অভিযোগ। সূত্রের খবর, মালদহের জোনাল গোডাউন থেকে বিপুল সংখ্যক ত্রিপল, পোশাক সহ কয়েক কোটি টাকার ত্রাণসামগ্রী উধাও হয়ে যাওয়ার অভিযোগ পৌঁছেছে নবান্নে।

বিপর্যয় মোকাবিলার ত্রিপল সহ কোটি টাকার ত্রাণসামগ্রী উধাও
  • ১৬ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিপর্যয় মোকাবিলা দপ্তরের পাঠানো প্রায় দু’লক্ষ ত্রিপলের হদিশ মিলছে না বলে অভিযোগ। সূত্রের খবর, মালদহের জোনাল গোডাউন থেকে বিপুল সংখ্যক ত্রিপল, পোশাক সহ কয়েক কোটি টাকার ত্রাণসামগ্রী উধাও হয়ে যাওয়ার অভিযোগ পৌঁছেছে নবান্নে। এরপরই বিপর্যয় মোকাবিলা দপ্তরের এক অতিরিক্ত সচিবের নেতৃত্বে সাত সদস্যের দল পাঠিয়ে ‘স্পেশাল অডিট’ করানোর সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। এই দলে আছেন দপ্তরের অতিরিক্ত সচিব মৃণালকান্তি রানো, ওএসডি পুজা মিনা সহ আরও পাঁচ পদস্থ আধিকারিক। সোমবারের মধ্যেই এই দলের মালদহ পৌঁছে যাওয়ার কথা। তাঁদের মূল কাজ হবে গোডাউনে মজুত থাকা ত্রাণ সামগ্রীর সঙ্গে রেজিস্টারের তথ্য খতিয়ে দেখা। সেই সঙ্গে চুরির অভিযোগ খতিয়ে দেখে নবান্নকে পূর্ণাঙ্গ রিপোর্ট দেওয়া। এই অবস্থায় রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত কোনও মন্তব্য করতে নারাজ নবান্নের পদস্থ কর্তারা। তবে দল পাঠানো নিয়ে একটি নির্দেশিকা জারি করেছে বিপর্যয় মোকাবিলা দপ্তর। সেখানে এই দলকে সবরকম সহযোগিতার নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসনকে। এই পরিস্থিতিতে মালদহ জোনাল গোডাউনের পাশাপাশি রাজ্যস্তরের অফিসার পাঠিয়ে বিপর্যয় মোকাবিলা দপ্তরের প্রতিটি গুদামই খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে শিয়ালদহে সেন্ট্রাল গোডাউন ছাড়াও মালদহ, শিলিগুড়ি এবং বর্ধমানে রয়েছে তিনটি জোনাল গোডাউন। এছাড়া জেলা এবং মহকুমাস্তরেও ত্রাণ সামগ্রী মজুত রাখার একাধিক  গুদামঘর রয়েছে। 

Advertisement

জানা গিয়েছে, কয়েক মাস আগেই মালদহ জেলা প্রশাসনের তরফে জোনাল গোডাউন থেকে ত্রাণসামগ্রী উধাও হয়ে যাওয়া নিয়ে এফআইআর করা হয়। কত ত্রিপল উধাও হয়েছে, এফআইআরে তার কোনও উল্লেখ না থাকলেও সংশ্লিষ্ট মহলের প্রাথমিক অনুমান, বিগত কয়েক বছর ধরে ধপে ধাপে সরানো হয়েছে প্রায় দু’লক্ষ ত্রিপল। বিশেষ অডিটেই জানা যাবে, বাস্তবে কত সামগ্রী চুরি গিয়েছে। গত কয়েক বছর ধরে বিপর্যয় মোকাবিলা দপ্তরের ত্রিপলে বিশেষ লোগো ছেপে দেওয়া হচ্ছে। তা দেখলেই বোঝা যায়, সেটি ত্রাণ হিসেবে বিলি করার জন্য রাজ্য বিপর্যয় মোকাবিলা দপ্তরের কেনা ত্রিপল কি না। মালদহের কিছু বাজারে ওই লোগো দেওয়া ত্রিপল বিক্রি হওয়ার খবরেই নড়েচড়ে বসে জেলা প্রশাসন। এফআইআর দায়েরর পাশাপাশি বিষয়টি জানানো হয় নবান্নকে। ইতিমধ্যে তৎকালীন স্টোর কিপারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে খবর। বিশেষ অডিট রিপোর্টে কী উঠে আসে, আপাতত সেদিকেই নজর রয়েছে সংশ্লিষ্ট সব মহলের। 

Advertisement
সম্পর্কিত সংবাদ