নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বুধবার নবান্নে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠকে পশ্চিমবঙ্গে বিনিয়োগের সম্ভাবনা, শিল্প এবং কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয় বলেই নবান্ন সূত্রে খবর। এদিন রিলায়েন্স কর্তা তরুণ ঝুনঝুনওয়ালার নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সঙ্গে স্বাস্থ্য, কয়লা থেকে গ্যাস, বিদ্যুৎ, ফাইবার কেবল এবং পরিকাঠামো উন্নয়ন ক্ষেত্রে বিনিয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলেই সূত্রের খবর। কেবল ল্যান্ডিং স্টেশন নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। এদিনের বৈঠকে রাজ্যের তরফে উপস্থিত ছিলেন মুখ্যসচিব মনোজ আগরওয়াল, মুখ্যমন্ত্রীর উপদেষ্টা সুব্রত গুপ্ত, অর্থমন্ত্রী প্রভাত মিশ্র সহ বিভিন্ন দপ্তরের পদস্থ কর্তারা। জানা গিয়েছে, এদিনের প্রথম পর্যায়ের বৈঠক যথেষ্ট সদর্থক হয়েছে। তবে এর পরেও অনেকগুলি পর্যায়ে রাজ্যের সঙ্গে রিলায়েন্স বৈঠক করবে।



