নয়াদিল্লি: কারাবাসের মেয়াদ শেষ হলে তৎক্ষণাৎ মুক্তি দিতে হবে আসামীদের। দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলের স্বরাষ্ট্রসচিবদের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সাজার মেয়াদ শেষ হলেও মুক্তি দেওয়া হচ্ছে না। এমনই অভিযোগ নিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন সুখদেব যাদব নামে এক সাজাপ্রাপ্ত। সেই মামলাতেই গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে বিচারপতি বি ভি নাগারত্না ও কে ভি বিশ্বনাথের বেঞ্চ।
২০০২ সালে দিল্লির ব্যবসায়ী নীতীশ কাটারাকে খুনের মামলায় দোষী সাব্যস্ত হয়েছিল সুখদেব। তাকে ২০ বছর কারাবাসের সাজা শুনিয়েছিল আদালত। গত মার্চ মাসের ৯ তারিখ সুখদেবের সাজার মেয়াদ শেষ হয়। তারপরেই মুক্তির জন্য আবেদন জানায় সে। কিন্তু তাতে সাড়া মেলেনি সেনটেন্স রিভিউ বোর্ডের। একারণেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় সুখদেব। তার আবেদনের ভিত্তিতে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, সাজার নির্দিষ্ট মেয়াদ পূরণ হওয়ার পর জেলমুক্তির জন্য কোনও নির্দেশের প্রয়োজন নেই। আজীবন সাজাপ্রাপ্তদের জন্যই কেবল দেয়নি সেনটেন্স রিভিউ বোর্ডে অনুমতি প্রয়োজন হবে। অন্য কোনও মামলায় ‘ওয়ান্টেড’ না হলে আসামীকে মুক্তি দিতে হবে। সুপ্রিম কোর্ট বলেছে, এই নির্দেশ সমস্ত স্বরাষ্ট্রসচিবদের পাঠাতে হবে।