অর্ক দে, কলকাতা: কলকাতা পুরসভা এলাকার ডিলিমিটেশন বা ওয়ার্ড পুনর্বিন্যাসের খসড়া প্রস্তুত হয়ে গিয়েছে। আজ, সোমবার সেই রিপোর্ট পুর প্রশাসক তথা কমিশনার স্মিতা পান্ডের কাছে জমা পড়ার কথা। সূত্রের খবর, পুরসভার ১ থেকে ১০০ নম্বর ওয়ার্ড ভেঙে ১৩০টি ওয়ার্ড গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে খসড়ায়। অর্থাৎ, পুরসভার প্রথম ১৩০টি ওয়ার্ডের মধ্যে ‘অ্যাডেড এরিয়া’ হিসাবে চিহ্নিত এলাকা থাকছে না। প্রসঙ্গত, পুরসভার ১০১ থেকে ১৪৪ নম্বর ওয়ার্ডকে ‘অ্যাডেড এরিয়া’ বা সংযুক্ত এলাকা ধরা হয়। কারণ, এই অংশ প্রশাসনিকভাবে কলকাতা পুরসভার সঙ্গে জুড়েছে অনেক পরে। খসড়ায় এই ১০১ থেকে ১৪৪ নম্বর ওয়ার্ড ভেঙে আরও ৭০টি ওয়ার্ড করার প্রস্তাব দেওয়া হয়েছে। পুর-প্রশাসক রিপোর্ট খতিয়ে দেখে তা পাঠিয়ে দেবেন পুর ও নগরোন্নয়ন দপ্তরে। সবকিছু ঠিকঠাক থাকলে পূর্ব ঘোষণা মতো আগামী ৩১ জুলাই খসড়া প্রকাশ করবে দপ্তর। তারপর নেওয়া হবে শহরবাসী ও বিভিন্ন রাজনৈতিক দলের মতামত। তার ভিত্তিতে প্রয়োজনীয় সংশোধন এনে প্রকাশ করা হবে কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাসের চূড়ান্ত তালিকা। পুরসভার সার্ভেয়ার বিভাগ এই খসড়া প্রস্তুত করেছে। ফিল্ড সার্ভের জন্য তৈরি করা হয়েছিল বরোভিত্তিক কমিটি। এখন তাদের দেওয়া রিপোর্ট খতিয়ে দেখছে মূল ডিলিমিটেশন কমিটি। সূত্রের খবর, প্রতিটি বিধানসভা ধরে আলাদা আলাদা ফাইল হয়েছে। কারণ, বিধানসভা অপরিবর্তিত রেখেই ওয়ার্ড পুনর্বিন্যাস করা হয়েছে।



