নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কালীপুজোর রাতে মানি স্কোয়ারের সামনে বাইপাসের উপর মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান তরুণ, তরুণী। ঠিক একই জায়গায় ফের দুর্ঘটনা। বৃহস্পতিবার সকালে বৃষ্টিভেজা রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে একটি প্রাইভেট গাড়ি। গাড়িটি বিপজ্জনক গতিতে ছিল বলে পুলিশের অনুমান। তার জেরেই সংঘর্ষের পর উল্টে যায় গাড়িটি। জখম হন গাড়ির চালক। তাঁকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে মানি স্কোয়ার সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়েছে। সেখানেই চিকিৎসাধীন রয়েছেন ওই ব্যক্তি।
বুধবার গভীর রাত থেকেই বৃষ্টি শুরু হয়। বৃহস্পতিবার সকাল থেকে শহরে এক নাগাড়ে বৃষ্টি পড়তে থাকে। লালবাজার জানিয়েছে, এদিন সকাল সাড়ে ৬টা নাগাদ ই এম বাইপাসের উপর উল্টোডাঙার দিক থেকে চিংড়িঘাটামুখী ছিল নীল রঙের হ্যাচব্যাক গাড়ি। গতির জেরে গাড়ির স্টিয়ারিংয়ের উপর থেকে নিয়ন্ত্রণ হারান চালক। প্যানিক ব্রেক কষেন
তিনি। তাতেই গাড়ি সটান ঘুরে গিয়ে কংক্রিটের ডিভাইডারে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে ফেটে যায় চালকের এয়ারব্যাগ। এরপরেই ১৮০ ডিগ্রি পাল্টি খেয়ে যায় গাড়িটি। অন্য যাত্রীরা পুলিশে ফোন করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বেলেঘাটা ট্রাফিক গার্ড ও ফুলবাগান
থানার পুলিশ। গাড়িটিকে সোজা করা হয়। সংজ্ঞাহীন
অবস্থায় গাড়ির চালককে উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থলের উল্টোদিকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় জখম ব্যক্তিকে।
কী কারণে দুর্ঘটনাটি ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ। প্রাথমিকভাবে তদন্তকারীদের অনুমান, ভিজে রাস্তায় অত্যধিক গতির জন্য স্কিড করে গিয়ে থাকতে পারে গাড়ির চাকা। সেই অবস্থায় গাড়ি নিয়ন্ত্রণে ফেরাতে আরো জোরে ব্রেক কষেন গাড়ির চালক। তাতেই বিপত্তি ঘটে।



