অবশেষে বক্তব্য পেশ তৃণমূলের বিদ্রোহী সাংসদদের
  • ২০ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: তৃণমূল সাংসদ হিসেবে জোড়াফুল চিহ্নে ভোটে জিতেছিলেন। কিন্তু পরে নিজেদের অন্য দলের সদস্য বলে দাবি করছেন। এজন্য কেন খারিজ হবে না তাঁদের সদস্য পদ, তা নিয়ে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে নিজেদের বক্তব্য জানাল এনসিপিআই (ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অব ইন্ডিয়া)। দাবি করল, দলত্যাগ বিরোধী আইন তাঁদের উপর কার্যকর হবে না। ফলে যত দ্রুত সম্ভব তৃণমূলের মোড়ক সরিয়ে তাঁদের এনসিপিআই সাংসদ ঘোষণা করা হোক। যাতে সংসদে তাঁরা আনুষ্ঠানিকভাবে পৃথক দল তথা এনডিএ’র শরিক হিসেবেই কাজ করতে পারেন। উল্লেখ্য, লোকসভার স্পিকার গত অধিবেশনে সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষদস্তিদার, মালা রায়, দীপক অধিকারী (দেব)দের মতো ২০ বিক্ষুব্ধ সাংসদকে লোকসভার কক্ষে পৃথক আসনে বসার ব্যবস্থা করে দিয়েছেন বটে। কিন্তু এনসিপিআই সাংসদ হিসেবে এখনো স্বীকৃতি দেননি। আবার মোদি সরকার আনুষ্ঠানিকভাবে সুদীপ-কাকলিদের এনসিপিআই বলেই স্বীকৃতি দিয়েছে। সেই মতোই চিঠি দিয়ে ডাকা হচ্ছে সংসদে নানা বৈঠকে। 

Advertisement

এমত পরিস্থিতিতে উল্লেখিত বিক্ষুব্ধদের সাংসদ পদ খারিজের দাবিতে স্পিকারের কাছে এফিডেভিট দিয়ে আবেদন করেন তৃণমূলের লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত ১৮ জুন ২০ জনের জন্য কুড়িটি  আবেদন করেন। তারই প্রেক্ষিতে সুদীপ-কাকলিদের পালটা জবাব দেওয়ার নির্দেশ দেয় লোকসভা সচিবালয়। কিন্তু বেশ কয়েকবার জবাব এড়িয়ে যাওয়ার পর গত ১৪ নভেম্বর কড়া চিঠি পেয়ে অবশেষে জবাব জমা দিয়েছে বলে জানা গিয়েছে। এর আগে আগামী ২৪ নভেম্বরের মধ্যে অবশ্যই জবাব দিতে হবে বলে নির্দেশ দিয়েছিল লোকসভা সচিবালয়।