মাদ্রিদ: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের পর লা লিগা। মরশুমে প্রথমবারের জন্য ‘ব্যাক টু ব্যাক’ হারের মুখ দেখল বার্সেলোনা। রবিবার অ্যাওয়ে ম্যাচে সেভিয়ার কাছে ১-৪ গোলে বশ মানল হান্স ফ্লিকের ছেলেরা। চোটের কারণে দলের দুই গুরুত্বপূর্ণ ফুটবলার রাফিনহা ও লামিনে ইয়ামালের অভাব ঢাকতে ব্যর্থ কাতালন ক্লাবটি। পরিণতি লজ্জাজনক হার। সেভিয়ার হয়ে স্কোরশিটে নাম তোলেন আলেক্সিস স্যাঞ্চেজ, ইসাক রোমেরো, হোসে অ্যাঞ্জেল কারমোনা ও একর অ্যাডামস। বার্সার হয়ে ব্যবধান কমান মার্কাস র্যাশফোর্ড। দ্বিতীয়ার্ধে পেনাল্টি মিস করেন রবার্ট লিওয়ানডস্কি। এই হারের ফলে ৮ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নামল হান্স ফ্লিক-ব্রিগেড। শীর্ষে উঠে এল রিয়াল মাদ্রিদ। ৮ ম্যাচে তাদের সংগ্রহ ২১ পয়েন্ট।
মাদ্রিদ ডার্বিতে লজ্জার হারের ধাক্কা কাটিয়ে জয়ে ফিরেছে রিয়াল। শনিবার ঘরের মাঠে ভিয়ারিয়ালকে ৩-১ গোলে হারাল ‘লস ব্ল্যাঙ্কোস’ ব্রিগেড। জোড়া গোলে নায়ক ভিনিসিয়াস জুনিয়র। এছাড়া স্কোরশিটে নাম তোলেন কিলিয়ান এমবাপে। উল্লেখ্য, চলতি মরশুমে সব টুর্নামেন্ট মিলিয়ে ১০ ম্যাচে ১৪ গোল সেরে ফেললেন ফরাসি তারকা। ভিয়ারিয়ালের একমাত্র গোলটি সান্তিয়াগো মৌরিনোর।



