মাদ্রিদ: গত এক সপ্তাহ দুঃস্বপ্নের মতো কেটেছে রিয়াল মাদ্রিদ ফুটবলারদের। প্রথমে স্প্যানিশ সুপার কাপ ফাইনালে হার। তার জেরে কোচ জাবি আলোন্সোর ছাঁটাই হওয়া। এরপর কোপা ডেল রে থেকেও বিদায় নেন এমবাপেরা। নতুন বছরের শুরুতেই জোড়া টুর্নামেন্টে হার এক ধাক্কায় অনেকটাই পিছিয়ে দিয়েছে লস ব্ল্যাঙ্কোসদের। সেই ধাক্কা সামলে লা লিগায় গত ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল। এবার চ্যাম্পিয়ন্স লিগেও সেই ছন্দ ধরে রাখতে মরিয়া স্প্যানিশ জায়ান্টরা। মঙ্গলবার ঘরের মাঠে মোনাকোর মুখোমুখি হবে রিয়াল। উল্লেখ্য, টুর্নামেন্টের শেষ ম্যাচে ম্যান সিটির কাছে হেরে মাঠ ছেড়েছিল তারা। তাই মোনাকোর বিরুদ্ধে পুরো পয়েন্ট তুলে নিতে মরিয়া এমবাপেরা। মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে মাঠে নামছে ম্যান সিটিও। অ্যাওয়ে ম্যাচে পেপ গুয়ার্দিওলা-ব্রিগেডের প্রতিপক্ষ বোডো। উল্লেখ্য, ২০২৬’এর শুরুটা খুব একটা ভালো হয়নি সিটিজেনদের। ইপিএলে টানা তিন ম্যাচে ড্রয়ের পর গত সপ্তাহে মর্যাদার ম্যাঞ্চেস্টার ডার্বিতে বশ মেনেছেন হালান্ডরা। চ্যাম্পিয়ন্স লিগে অবশ্য গ্রুপ পর্বের শুরুটা ভালোই করেছে নীল ম্যাঞ্চেস্টার। ৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় চতুর্থ স্থানে রয়েছে তারা। মঙ্গলবার জিতে সেই ধারা বজায় রাখাই লক্ষ্য পেপ-ব্রিগেডের।



