


রিয়াল- ৩ : আতলেতিকো- ২
মাদ্রিদ: লা লিগার প্রথম লেগে ঘরের মাঠে মাদ্রিদ ডার্বিতে রিয়ালকে নিয়ে কার্যত ছেলেখেলা করেছিল আতলেতিকো। সেদিন ৫-২ গোলে জিতে মাঠ ছাড়ে ডিয়েগো সিমোনে ব্রিগেড। রবিবার ফিরতি লেগে তারই মধুর প্রতিশোধ নিলেন ভিনিসিয়াসরা। সান্তিয়াগো বার্নাব্যুতে পিছিয়ে পড়েও আতলেতিকোকে ৩-২ গোলে হারাল ১০ জনের রিয়াল মাদ্রিদ। জোড়া গোলে নায়ক ভিনিসিয়াস জুনিয়র। এছাড়া বিজয়ীদের হয়ে স্কোরশিটে নাম তোলেন ভালভার্দে। আতলেতিকোর দুই গোলদাতা লুকম্যান ও মোলিনা। জয়ের সুবাদে ২৯ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান ধরে রাখল রিয়াল। আর হেরে চার নম্বরে নামল আতলেতিকো (২৯ ম্যাচে ৫৭ পয়েন্ট)। শীর্ষে বার্সেলোনা (২৯ ম্যাচে ৭৩ পয়েন্ট)।
ঘরের মাঠে শুরুটা ভালোই করে রিয়াল। তবে গতির বিপরীতে ২৩ মিনিটে লুকম্যানের গোলে লিড নেয় আতলেতিকো (১-০)। অবশ্য ৫২ মিনিটে পেনাল্টি থেকে রিয়ালকে সমতায় ফেরান ভিনিসিয়াস (১-১)। তিন মিনিটের মধ্যেই দলকে এগিয়ে দেন ভালভার্দে (২-১)। এরপর ৬৬ মিনিটে দূরপাল্লার চোখ ধাঁধানো শটে জাল কাঁপান মোলিনা (২-২)। তবে শেষ পর্যন্ত তা বিফলে যায়। ৭২ মিনিটে জয়সূচক গোল ভিনিসিয়াসের (৩-২)। তবে জিতলেও ৭৭ মিনিটে লাল কার্ড দেখে অস্বস্তি বাড়ালেন ভালভার্দে।